জিল্লুরের প্রতি শ্রদ্ধায় আ.লীগের বৈঠক মুলতবি
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের কার্যকরী কমিটির বৈঠক মুলতবি ঘোষাণা করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শুরু হওয়ার ৩২ মিনিটের মধ্যেই তা মুলতবি করা হয়।
এর আগে দপ্তর সম্পাদক ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান শোক প্রস্তাব পাঠ করেন। পরে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নেতারা।
বৈঠকে শেখ হাসিনা বলেন, “আজকের বৈঠকে অনেক এজেন্ডা ছিল। তবে রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে হারিয়ে আলোচনা করার মতো মানসিক অবস্থায় নেই। আগামী দুই-একদিনের মধ্যে বৈঠক ডেকে এসব বিষয়ে আলোচনা হবে।”
সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে বৈঠক মুলতবি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনার পর বঙ্গভবনে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে হয় তার প্রথম জানাজা।
জাতীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা শেষে বিকালে বনানী কবরস্থানে স্ত্রী আইভি রহমানের কবরে সমাহিত করা হয় রাষ্ট্রপতিকে।
