নোয়াখালীতে মন্দিরে চুরি, ভাংচুর
নোয়াখালীর বেগমঞ্জ উপজেলায় শুক্রবার গভীর রাতে একটি মন্দিরে চুরি এবং আরেকটির সীমানা প্রাচীর ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
একই রাতে জেলা সদরে কালাদরাপ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকাসহ আসবাবপত্র তছনছ ও ভাংচুর করা হয়।
নোয়াখালী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কিশোর রায় বলেন, চৌমুহনীতে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, বিগ্রহসহ মূল্যবান জিনিসপত্র চুরি এবং অন্যান্য মালামাল তছনছ করে।
বেগমগঞ্জ থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, শনিবার পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
এদিকে, কালাদরাপ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাজা মিয়া বলেন, একই রাতে তাদের কার্যালয়ে ঢোকে দুর্বৃত্তরা। তারা মূল্যবান জিনিসপত্র ভেঙে ফেলে এবং দলীয় ও জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে।
সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, রাতের অন্ধকারে আওয়ামী লীগ কার্যালয়ে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
