মুন্সীগঞ্জে প্রাচীন বৌদ্ধবিহার আবিষ্কার
মুন্সীগঞ্জ সদরের রঘুরামপুরে প্রাচীন বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে।
শনিবার দুপুরে রঘুরামপুরের খননস্থলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিক্রমপুর অঞ্চলের প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা প্রকল্প পরিচালক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন।
তিনি বলেন, প্রায় ১১শ’ বছর আগে এই বৌদ্ধবিহার নির্মিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত চার বছর ধরে এখানে খনন কাজ চলছে।
তিনি আরো বলেন, বিক্রমপুর অঞ্চল থেকে এ পর্যন্ত প্রায় একশটিরও বেশি মূল্যবান মূর্তি ও ভাস্কর্য আবিষ্কৃত হয়েছে।
এ খনন কাজের গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শাহ সুফি মোস্তাফিজুর রহমান বলেন, “সদ্য আবিষ্কৃত এই বৌদ্ধবিহারের সঙ্গে জ্ঞানতাপস অতীশ দীপঙ্করের একটি গভীর সম্পর্ক ছিল বলে ধারণা করছি।”
কথিত আছে অতীশ দীপঙ্করের সময় বিক্রমপুরের বৌদ্ধ শিক্ষাকেন্দ্রে নেপাল, তিব্বত, চীন, থাইল্যান্ডসহ নানা দেশ থেকে প্রায় আট হাজার শিক্ষার্থী এবং একশজন শিক্ষক এসেছিলেন। অতীশ দীপঙ্কর ছিলেন ওই শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ।
