ফরিদপুরে কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ফরিদপুর শহরের উত্তর কমলাপুরে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার বিকালে হামিদ মিয়া সড়কে লুৎফর খাঁ’র (৩৫) উপর হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী উত্তর কমলাপুরের জাফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে রিকশা করে যাওয়ার সময় ৪/৫ জন সন্ত্রাসী লুৎফরকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে সন্ত্রাসীরা সেখানে গিয়েও কোপায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহরের বায়তুল আমান এলাকার আফসার খাঁর ছেলে লুৎফর টেপাখোলা এলাকায় কাঠের ব্যবসা করতেন।
ফরিদপুর কোতয়ালি থানার এসআই সুকুমার সরকার বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
