২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক প্রকাশ আরও বিশ্বনেতাদের

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরও অনেক বিশ্বনেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 12:00 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শুক্রবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কফিনে শ্রদ্ধা জানান বিভিন্ন বন্ধু দেশের প্রতিনিধি,  কূটনীতিক ও বিদেশি অতিথিরা। এছাড়া অনেক বিশ্বনেতা শোকবার্তা পাঠিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জিল্লুর রহমানের অবদানের কথা স্মরণ করেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ রাষ্ট্রপতির মৃত্যুতে শোকপ্রকাশ করে বলেন, তিনি দেশকে মর্যাদার সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে গেছেন।

অস্থায়ী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে তিনি রাষ্ট্রপতির শোকসন্তপ্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্রান্সের একজন মুখপাত্র প্রেসিডেন্টের শোকবার্তার কথা উল্লেখ করে বলেন, “দীর্ঘ ৬০ বছরের বেশি সময় নিজ দেশের সেবা করা প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমানের মৃত্যুতে আমরা শোকাহত।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাতে সুইস ফেডারেশনের প্রেসিডেন্ট, ভিয়েতনামের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং নেপালের প্রেসিডেন্ট ও অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ারম্যানের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে শোকবার্তা পাঠানো হয়।

বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন রাষ্ট্রপতি। শুক্রবার সকালে জিল্লুর রহমানের জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার পর বিকালে বনানী কবরস্থানে সমাহিত করা হয় রাষ্ট্রপতিকে।

এছাড়া জিম্বাবুয়ে, নামিবিয়া, বেনিন, বতসোয়ানা, উগান্ডা, মিশর ও সুদানের রাষ্ট্রদূত বা হাইকমিশনাররা নয়া দিল্লির বাংলাদেশ হাই কমিশনে খোলা শোকবইতে সই করেছেন।

এর আগে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, চীনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, নেপালের প্রেসিডেন্ট, মালদ্বীপের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী, থাইল্যান্ডের রাজা, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাপানের চিফ অব প্রটোকল এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

জাতিসংঘ মহাসচিব বান কি-মুন, ডি-৮ মহাসচিব সাঈদ আলী মোহাম্মদ মৌসাভি, ওআইসির মহাসচিব একমেলেদ্দিন ইশানগুলো এবং কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান, সুইডেনের দূতাবাস, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এবং ঢাকায় জাতিসংঘ নারীর আবাসিক প্রতিনিধিরাও শোক প্রকাশ করেছেন।

ভুটান বৃহস্পতিবার শোক দেখিয়ে তাদের জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছিল।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সভাপতিত্বে নিউইয়র্কে চলমান সমরাস্ত্র চুক্তি বিষয়ের বৈঠকে রাষ্ট্রপতির মৃত্যুতে বৃহস্পতিবার দুই মিনিটের নীরবতা পালন করা হয়।

বৃহস্পতিবার স্পেনে চলমান গ্লোবাল এলায়েন্স অব ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশনের পরিচালনা পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে একটি শোকপ্রস্তাব গৃহীত হয়।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) বাংলাদেশ কার্যালয় তাদের শুক্রবার স্বেচ্ছাসেবক কর্মসূচির ৪০তম বার্ষিকী উদযাপনের কর্মসূচি স্থগিত করেছে।

কোরিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার কোরীয় দূতাবাসের শনিবারের একটি যৌথ আলোচনা সভাও স্থগিত করা হয়েছে।

পুরনো খবর:

রাষ্ট্রপতির কফিনে বিদেশি অতিথিদের শ্রদ্ধা