কুষ্টিয়ায় গৃহবধুর লাশ, শ্বশুর-শাশুড়ি আটক
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রাম থেকে রিক্তা বেগমের (৪০) লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের প্রয়াত হাবিল হোসেনের স্ত্রী। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি জাহির হোসেন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে রিক্তাকে পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরে ঝুলিয়ে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।
দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রিক্তার স্বামী সাত বছর আগে মারা যান। সম্প্রতি তিনি একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এ নিয়ে পরিবারে অশান্তি চলছিল বলে পুলিশকে জানায় প্রতিবেশীরা।
ওসি জানান, এর জের ধরে রিক্তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনায় জড়িত সন্দেহে রিক্তার শ্বশুর সামস মণ্ডল, শাশুড়ি রওশন আরা, দেবর রজব আলীকে আটক করা হয়েছে।
এ ঘটনায় দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলে জানান ওসি।
