২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানাজায় অংশ নিতে লাখো মানুষ ঈদগাহে

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছে জাতীয় ঈদগাহ ময়দানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 08:20 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শুধু রাজধানী নয়, দূর দূরান্ত থেকে নানা শ্রেণী-পেশার মানুষ ঢাকায় এসেছেন এই প্রবীণ রাজনীতিবিদের প্রতি শ্রেষ শ্রদ্ধা জানাতে। জানাজার আগে ঈদগাহ ময়দানেই জুমার নামাজ আদায় করেছেন তারা। 

বেলা ২টা ১২ মিনিটে রাষ্ট্রপতির মরদেহ ঈদগাহ ময়দানে নিয়ে আসা হয়।

জানাজার কারণে শাহবাগ মোড়, মিন্টো রোডের প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তা এবং পল্টন মোড় থেকে জাতীয় ঈদগাহমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তারপরও হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ছুটছেন ঈদগাহ ময়দানের দিকে।

সকাল থেকেই ঈদগাহে মানুষের সমাগম বাড়তে থাকে। জানাজায় অংশ নিতে কক্সবাজার থেকে গতরাতে রওনা দিয়ে সকালে ঢাকা পৌঁছেছেন আব্দুর রহিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তার (রাষ্ট্রপতি) যে গুণাগুণ তা বর্তমানের আর কোনো রাজনীতিবিদের মতো না। তার সহনশীলতা, দল-মত নির্বিশেষে সবার প্রতি তার যে শ্রদ্ধাবোধ অন্য আর কারো মধ্যে দেখি না।”

রাষ্ট্রপতির স্ত্রী আইভী রহমানের জানাজায়ও অংশ নিয়েছিলেন বলে জানান তিনি।

জুমার সময় জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় হাইকোর্ট মসজিদের সীমা ছাড়িয়ে ঈদগাহ ময়দানের পুরো অংশে ছাড়িয়ে যায়।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস ও ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা আগেই ঈদগাহে উপস্থিত হন।

বুধবার বিকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনার পর বঙ্গভবনে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর শুক্রবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে তার প্রথম জানাজা হয়।

বিকালে বনানী কবরস্থানে সমাহিত করা হবে রাষ্ট্রপতিকে। সেখানে স্ত্রী আইভি রহমানের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

পুরনো খবর:

জন্মস্থানে শেষ শ্রদ্ধায় সিক্ত রাষ্ট্রপতি