সাঈদীর জামিন আবেদন খারিজ
যুদ্ধাপরাধের দায়ে মুত্যুদণ্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুরে করা দুটি মামলায় জামিনের যে আবেদন করেছিলেন, তা খারিজ করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেয়।
বুধবার ২০০৯ সালে পিরোজপুরের সদর ও জিয়ানগর থানায় দায়ের করা দুটি মামলায় জামিনের আবেদন করেন জামায়াতের নায়েবে আমির।
একই সঙ্গে ট্রাইব্যুনালের তার মামলা সংক্রান্ত্র সকল নথি চেয়ে সাঈদীর পক্ষে আবেদনটি করেন তার আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম।
জামিনের আবেদনে বলা হয়েছে, যেহেতু একই ধরনের অপরাধের মামলায় ট্রাইব্যুনাল সাঈদীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেছে, সেহেতু একই ধরনের অন্য কোনো মামলা চলতে পারে না।
সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের প্রথম সাক্ষী মাহাবুব আলম হাওলাদার এবং ষষ্ঠ সাক্ষী মানিক পসারি বাদী হয়ে ২০০৯ সালে পিরোজপুরের সদর ও জিয়ানগর থানায় ফৌজদারি আইনে মামলা দুটি করেন।
গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল।
সাঈদীর বিরুদ্ধে আনীত ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করা হয়।
আইনজীবী পাচ্ছেন সাকা চৌধুরী
মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মানহানির মামলা পরিচালনায় আইনজীবী নিয়োগ দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
কারাগারে পরিবারের সঙ্গে কথোপকথন রেকর্ড করে ইউটিউবে আপলোড করার বিষয়টি তদন্ত এবং মানহানির মামলায় আইনজীবী নিয়োগ করার অনুমতি চেয়ে গত ১৯ মার্চ আবেদন করেন বিএনপি নেতা।
সংসদে যোগ দেয়ার সুযোগ চেয়ে আরেকটি আবেদনও করেন তিনি।
সালাউদ্দিন কাদেরের আইনজীবী হুজ্জাতুল ইসলাম সাংবাদিকদের জানান, সংসদে যোগ দেয়ার অনুমতি এবং ইউটিউবে প্রকাশিত কথপোকথনের বিষয়ে তদন্তের আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল।
২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তারের পর ২০১১ সালের ৩ অক্টোবর সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দেয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এরপর গত বছর ৪ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের ২৩টি ঘটনায় এই বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।
