২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকী হত্যার দ্রুত বিচার দাবি বিশিষ্টজনদের

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 01:36 PM

Updated : 25 Apr 2022, 06:30 PM

বৃহস্পতিবার এক বিবৃতিতে নির্মম এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করে এ দাবি জানান তারা।

ওই বিবৃতিতে বলা হয়, ‘নারায়ণগঞ্জের সুপরিচিত সাংস্কৃতিক সংগঠক ও নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের উদ্যোক্তা রফিউর রাব্বি’র ছেলে তানভীর মোহাম্মদ ত্বকীকে দুর্বৃত্তরা কয়েকদিন আগে নির্মমভাবে হত্যা করেছে।

‘ত্বকী অত্যন্ত মেধাবী, বিনয়ী ও স্বল্পভাষী কিশোর ছিল বলে তার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সহপাঠী, ও পরিচিতজনেরা জানিয়েছেন। স্বভাবতই ত্বকীর কোনো শত্রু নেই।’

তারা বলেন, তার বাবা রফিউর রাব্বি নারায়ণগঞ্জের বাস ভাড়া বাড়ানোর বিরুদ্ধে গড়ে উঠা সংগঠন ‘যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের’ আহ্বায়ক, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্বায়ক। ভূমি দস্যুতা, সন্ত্রাস ও লুটপাটের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনেও তিনি সোচ্চার রয়েছেন। এর ফলে তার প্রতিপক্ষও রয়েছে। কিন্তু এর শিকার কোনোভাবেই তার নিরপরাধ ছেলে হতে পারে না।

‘আমরা এ নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ঘৃণা জানাই এবং অতিদ্রুত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

বিবৃতিতে সই করেছেন- অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ড. সন্জীদা খাতুন, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সৈয়দ আবুল মকসুদ, কামাল লোহানী, রামেন্দু মজুমদার, সেলিনা হোসেন, যতীন সরকার, বেলাল চৌধুরী, শাহদীন মালিক, আলী যাকের, মহাদেব সাহা, আসাদ চৌধুরী, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ডা. সারওয়ার আলী, মফিদুল হক ও আবুল মোমেন প্রমুখ।