টেকনাফে ২ ভিক্ষু আটক
গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কক্সবাজারের টেকনাফের নাফ নদী তীরে দুই বৌদ্ধ ভিক্ষুকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হোয়াইক্যং এলাকায় আটক এই দুজন মিয়ানমারের নাগরিক বলে বিজিবি জানিয়েছে।
আটকরা হলেন- মিয়ানমারের মংডু শহরের আকিয়াবের নাকপুরা এলাকার চুসি অংয়ের ছেলে উ কান্তি (৩৪) এবং একই এলাকার ম্ল হদুর ছেলে উ না (৩৫)।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্দেহজনক ঘুরা-ফেরাকালে মিয়ানমারের এই দুজন বৌদ্ধ ভিক্ষুকে আটক করা হয়েছে।”
দুই বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের টেকনাফ থানায় তুলে দেয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
