বাড্ডায় আইনজীবীর লাশ উদ্ধার
রাজধানীর বাড্ডায় এক বাসা থেকে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে মাথায় আঘাত করে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
বাড্ডা থানার ওসি মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জজ কো্র্টের আইনজীবী গাজি মো. গিয়াস উদ্দিন কাজলের (২৮) লাশ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দক্ষিণ আনন্দনগরের এক বাসা থেকে উদ্ধার করা হয়।
কাজলের মাথায় তিনটি আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, মৃতদেহের পাশে একটি হাতুড়ি পাওয়া যায়।
অবিবাহিত কাজল ওই বাসায় নিজাম উদ্দিন নামে একজনের সঙ্গে ‘সাব-লেটে’ থাকতো। নিজামের স্ত্রী-সন্তান এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে চলে যায় বলে প্রতিবেশীরা পুলিশকে জানায়।
তবে বুধবার রাতে নিজাম ওই বাসায় ছিল কিনা তা ওসি নিশ্চিত করে বলতে পারেনি।
কাজলের গ্রামের বাড়ি খুলনার পাইকগাছায়। হত্যার কারণ তাৎক্ষণিকভাবে ওসি জানাতে পারেননি।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
