সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ক্ষতিগ্রস্তদের মামলা
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে ভাংচুর-আগুন ও লুটপাটের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা করেছে ক্ষতিগ্রস্থরা।
গত মঙ্গলবার দুপুরে হরতাল চলাকালে সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ফকিরতলায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে একটি শিক্ষা প্রতিষ্ঠান ও হোমিওপ্যাথিক ওষুধের দোকানসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
রাতেই পুলিশ ও ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে দু’টি মামলায় প্রায় ২ হাজার ৭০০ বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আসামি করা হয়।
সদর থানার ওসি রফিকুল ইসলাম খান জানান, ভাংচুর-আগুন ও লুটপাটের ঘটনায় ফকিরতলা গ্রামের মাহমুদুল ইসলাম এবং পাশের শিয়ালকোল ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের আলম মোল্লা ও তার ভাই সালাম মোল্লা বাদী হয়ে ১৮১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৯০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, নাশকতা ও হরতালে ভাংচুরের মামলার আসামি সদর উপজেলার ব্রাম্মণগাঁতী গ্রামের জামায়াত সমর্থক নজরুল ইসলামকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট মঙ্গলবার ও বুধবার এ হরতালের ডাক দেয়।
