বাগেরহাটে দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত
বাগেরহাটের মোরেলগঞ্জে বাস খাদে পড়ে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। আহত হন আটজন।
বুধবার সকালে বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কের বকুলতলা এলাকায় এই দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা নুরুল আমিন (৬৫) উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের প্রয়াত হাসেম আলীর ছেলে।
আহতদের বাগেরহাট সদর হাসপাতাল, পিরোজপুর হাসপাতাল এবং মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, বাগেরহাট থেকে মোরেলগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি একটি ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আহত নুরুলকে সদর হাসপাতালে ভর্তি করার পর বেলা ১১টায় তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত ছাড়াই জেলা প্রশাসনের মাধ্যমে নুরুল আমিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি বলেন, মুক্তিযোদ্ধা নুরুল আমিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
