‘নতুন প্রজন্ম নষ্ট হলে মুক্তিযোদ্ধারাও নষ্ট’
প্রজন্ম চত্বরের তরুণদের নিয়ে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এম শফিউল্লাহ।
গাজীপুরের গণসমাবেশে মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, শাহবাগ চত্ত্বরে নতুন প্রজন্মের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তেমন কোনো তফাত্ নেই।
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে গাজীপুরের মুক্তমঞ্চে গণসমাবেশের আয়োজন করা হয়।
বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, অন্দোলনরত নতুন প্রজন্মের নেতাদের উদ্দেশে আপনি যে ভাষায় কথা বলেছেন, তা প্রত্যাহার করতে হবে।
“আপনি তাদের নষ্ট চরিত্রের অধিকারী বলেছেন। তারা নষ্ট চরিত্রের হলে আমরা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, তারাও নষ্ট চরিত্রের। আপনাকে এ ধরনের উক্তি করার জন্য ক্ষমা চাইতে হবে।”
সম্প্রতি মুন্সীগঞ্জে এক জনসভায় খালেদা জিয়া গণমঞ্চের তরুণদের নষ্ট ছেলে-মেয়ে বলে মন্তব্য করেন।
