হরতালে বোমায় দগ্ধ ড্যাব সদস্য এখনো শঙ্কায়
হরতালের আগের রাতে গাড়িতে ছুড়ে মারা বোমায় দগ্ধ বিএনপি সমর্থক চিকিৎসকের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।
আহত রাকিবুল আলম ডিউকের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন বলে সরকার সমর্থক চিকিৎসকরা জানিয়েছেন।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের আগের দিন রোববার রাতে হাতিরঝিল প্রকল্পে পেট্রোলবোমা ছুড়ে মারা হয় ডিউকের গাড়িতে।
এতে ডিউক এবং তার দুই বন্ধু ওমর ফারুক বাবু ও মো. রায়হান শরীফ আহত হন। তারা তিনজনই চিকিৎসক।
ওই দিন ঢাকায় অন্তত ১৯টি গাড়িতে আগুন দেয়া হয়, চলে বিক্ষিপ্ত বোমাবাজি। এতে হরতাল সমর্থকরাই জড়িত ছিল বলে পুলিশ জানায়।
ডিউক ও তার দুই বন্ধুকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেয়া হয়। রায়হান প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড়া পান।
রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা তিনজনই রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাস করে ২৪তম বিসিএসের মাধ্যমে চাকরিতে যোগদান করেন।
তিনি বলেন, “আমরা তিনজনই ছাত্রদল করতাম।”
ডিউকসহ তিনজনই কুমিল্লা মেডিকেল কলেজে কর্মরত। চিকিৎসা পেশায় যোগ দেয়ার পর বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবে যুক্ত হন ডিউক।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম দোলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ড্যাব নেতার চিকিৎসার ব্যাপারে আমরা সব ধরনের সহযোগিতা করব।”
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক সামন্ত লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিউকের শরীরের ২৯ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে তার শ্বাসনালী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডিউকের চিকিৎসার জন্য গঠিত নয় সদস্যের বোর্ডের প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার দুপুরে ডিউকের ‘ড্রেসিং’ করা হয়েছে। তবে এখনো তার অবস্থা আশঙ্কামুক্ত নয়।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ইকবাল আর্সলান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিউকের রাজনৈতিক পরিচয় আমরা সবাই জানি, এমনকি প্রধানমন্ত্রীও জানেন।
তার যথাযথ চিকিৎসা ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশ আছে জানিয়ে তিনি বলেন, “ডিউকের সব ধরনের চিকিৎসা আমরা করবো।”
শেখ হাসিনা সোমবার জনসভায় তিন চিকিৎসকের ওপর বোমাহামলার বিষয়টি তুলে ধরে বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, “আপনি যে বোমাবাজি করেন- কে মরলো, আর কে মরলো না, তা কি দেখেন? আপনার দলের লোকও তো হতে পারে। তা দেখার সময় নেই আপনার।”
সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকও ডিউককে দেখতে হাসপাতালে যান।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “রাজনীতি করার অধিকার সবার রয়েছে। তবে গাড়িতে বোমা মারা রাজনীতির ভাষা হতে পারে না।”
ডিউকের স্ত্রী রোমানা আলমও একজন চিকিৎসক। মঙ্গলবার তিনি হাসপাতালে উপস্থিত থাকলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
বোমা হামলার ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা হয়েছে বলে জানান গুলশান বিভাগের পুলিশের উপ-কমিশনার লুৎফর কবীর।
