২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল, বিচ্ছিন্ন সহিংসতা

চট্টগ্রামে ঢিলেঢালা হরতালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে উত্তাপ ছড়ানোর চেষ্টার মধ্যে দিয়ে শেষ হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 01:38 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

হরতালের প্রথম দিন বন্দরনগরী ও জেলায় তেমন কোন ঘটনা না ঘটলেও শেষ দিনে কয়েকটি স্থানে পুলিশ ও সরকার দলীয় কর্মীদের সঙ্গে হরতালকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

নগরী ও জেলায় মোট ১৭ জনকে আটক করেছে পুলিশ।

সকালে সীতাকুন্ডের ফৌজদার হাট এলাকায় পুলিশের সঙ্গে শিবির ও বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় হরতালকারীরা ফৌজদারহাট রেল স্টেশনে হামলা চালায়।

হামলার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের দুই ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।

বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সুকুমার ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফৌজদারহাট রেল স্টেশন ভাংচুরের পর দুই দিক থেকে রেল যোগাযোগ বন্ধ থাকে।

চট্টগ্রাম রেল স্টেশনের স্টেশন ম্যানেজার শামসুল আলম জানান, ভাংচুরের কারণে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস সকাল সাড়ে ন’টার পরিবর্তে সকাল ১১ টা এবং ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ১১ টা ২০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যায়।  

সকালে চট্টগ্রামের শাহ আমনত ব্রীজ এলাকায় কাছাকাছি স্থানে সমাবেশ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এছাড়া, দুপুরে হাটহাজারী উপজেলার চৌধুরী হাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন আহত হয় বলে জানা গেছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে হরতাল সমর্থক ও বিরোধীদের সঙ্গে সংর্ঘষের সময় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা এলাকায় চট্টগ্রাম কাপ্তাই সড়কে পুলিশের ওপর হরতাল সমর্থকদের হামলায় এক পুলিশ সদস্যসহ দুইজন আহত হয়।

এ ঘটনায় পুলিশ নয় পিকেটারকে আটক করেছে।

রাঙ্গুনিয়া থানার ওসি এম এম মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে পুলিশ বহনকারী একটি টেম্পুতে হরতালকারীরা হামলা চালায়।

এতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়ব্রত এবং টেম্পু চালক আহত হন।

এছাড়া নগরীর কাজীর দেউরী এলাকা থেকে চার পিকেটারকে আটক করা হয় বলে জানান কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ।

নগরীর পাহাড়তলী থানার ওসি আবদুর রউফ জানান, গাড়ি ভাংচুরের চেষ্টাকালে তিন জনকে আটক করা হয়।

এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় যানবাহন ভাংচুর ও ঝটিকা মিছিল করে ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপি ও জামায়াত-শিবির কর্মীরা।

হরতালের দ্বিতীয় দিনে সকালে রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকলেও দুপুরের পর থেকে ভারি যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক হয়ে আসে।