২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমের গাড়িতে হামলা অনভিপ্রেত: ফখরুল

বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোটের হরতালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংবাদপত্রবাহী গাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 10:09 AM

Updated : 25 Apr 2022, 06:30 PM

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল হরতালের দ্বিতীয় দিন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, বিএনপি গণমাধ্যমের গাড়িতে আক্রমণ  কোনোভাবে সমর্থন করে না।

“সবসময় গণমাধ্যম ও সংবাদপত্রবহনকারী গাড়ি রাজনৈতিক দলের হরতাল কর্মসূচির আওতামুক্ত থাকে। সম্প্রতি গণমাধ্যমের বেশ কিছু গাড়িতে আক্রমণের সংবাদ প্রকাশ হয়েছে। আমরা মনে করি, এ ধরনের ঘটনা অনভিপ্রেত।”

গণমাধ্যমের গাড়িতে হামলা না চালানোর জন্য সব মহলকে সজাগ থাকার আহবান জানান তিনি।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা জানতে পেরেছি, হরতালের সময়ে দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তি ও মহল সংবাদপত্রের বহনকারী গাড়ি ও মিডিয়ার গাড়িতে হামলা চালাচ্ছে।”

তিনি বলেন, বিএনপির তরফ থেকে বার বার বলা হয়েছে, হরতালের সময়ে অ্যাম্বুলেন্স, লাশবহনকারী গাড়ি, খাবার, ওষুধের দোকান ও গণমাধ্যদের গাড়ি ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে।

“আমি আশা করব, মিডিয়ার গাড়িতে আক্রমণ থেকে সব মহল বিরত থাকবে।”

সোমবার বিরোধীদলীয় জোটের হরতালের প্রথম দিন রাজধানীর সবুজবাগে একটি সংবাদপত্রবাহী হিউম্যান হলারে আগুন দেয় হরতালকারীরা।

এদিন বগুড়া, যশোর, সিলেট ও পঞ্চগড়েও হরতাল সমর্থকদের হামলার মুখে পড়ে সংবাদপত্র বহনকারী গাড়ি।

এর আগে গত ১২ মার্চ বিএনপির হরতালে নোয়াখালীতে পত্রিকাবাহী গাড়ি থেকে আমার দেশ, সংগ্রাম ও ইনকিলাব ছাড়া বাকি সব পত্রিকা নামিয়ে সেগুলোতে আগুন দেয়া হয়।