২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের আগে নাশকতায় ২৫ মামলা

হরতালের আগে রাজধানীতে নাশকতার ঘটনায় ২৫টি মামলা করেছে পুলিশ।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 01:33 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে ১৬টি থানায় এসব মামলা দায়ের করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। 

এর মধ্যে রমনায় তিনটি; শাহবাগ, দারুস সালাম ও পল্টন থানায় দুটি করে এবং লালবাগ, কোতোয়ালী, মতিঝিলি, যাত্রাবাড়ী গেন্ডারিয়া, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরে বাংলানগর, আদাবর, পল্লবী, কাফরুল, ভাষানটেক, বনানী, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম ও মোহাম্মদপুর থানায় একটি করে মামলা করা হয়েছে।

তবে এসব মামলায় ঠিক কতোজনকে আসামি করা হয়েছে- তা জানাতে পারেননি তিনি।

বিএনপি কার্যালয়ে তল্লাশি চালিয়ে দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে সোম ও মঙ্গলবার টানা ৩৬ ঘণ্টার হরতাল করছে ১৮ দলীয় জোট। এই হরতালের আগেই রোববার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া উত্তরায় হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়।    

মাসুদুর রহমান জানান, উত্তরা পূর্ব ও পশ্চিম থানার মামলা হয়েছে বোমাবাজির অভিযোগে। বাকি মামলাগুলো যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা হয়েছে।

এছাড়া সোমবারের হরতালে পাঁচটি গাড়ি ভাংচুর ও দুটি গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনায় মোট ৪৬ জনকে আটক করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

পুরনো খবর:

ঢাকায় ১৯ গাড়িতে আগুন