ঢাকায় ১৯ গাড়িতে আগুন
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের আগের দিন দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতে অন্তত ১৯টি গাড়িতে আগুন দেয়া হয়েছে।
কল্যাণপুর, ফার্মগেইট, মালিবাগ, কাকরাইল, খিলগাঁও, চানখার পুল, নয়াপল্টন, কাপ্তানবাজার, বায়তুল মোকাররম এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে এসব বিভিন্ন ধরনের পরিবহনে আগুন দেয়া হয়েছে।
রোববার রাত ৯টা ১০ মিনিটে অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ১৯টি গাড়িতে আগুন দেয়ার তথ্য জানান।
গাড়িতে আগুনের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়েছে। হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির কাছেও।
নয়া পল্টনে দলীয় কার্যালয় থেকে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সোম ও মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছে ১৮ দল।
ওই হরতালের সমর্থকরাই গাড়িতে আগুন দিয়েছে বলে পুলিশের দাবি।
দুপুর ২টার দিকে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের কাছে সিটি ব্যাংকের সামনে একটি মিনিট্রাকে হরতাল সমর্থকরা আগুন দেয়।
এর আগে দুপুর ১টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকের কাছে নিউ ভিশন পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিসের রমনা বিভাগের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোস্তফা মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
এর আধা ঘণ্টা পর মালিবাগের আয়েশা শপিং কমপ্লেক্সের কাছে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয় বলে জানান রমনা থানার পরিদর্শক (পেট্রোল) মো. শহীদ।
প্রত্যক্ষদর্শীদের বরাত তিনি বলেন, “কয়েকটি ছেলে দৌড়ে চলে যাওয়ার পর বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।”
দুপুর ২টার দিকে ফার্মগেইটের আনন্দ সিনেমা হলের সামনে ৬ নম্বর রুটের (মতিঝিল-গুলশান) একটি বাসে আগুন দেয়া হয় বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলীম।
দুপুর ৩টার দিকে কল্যাণপুরে খালেক পেট্রোল পাম্পের সামনে সংগ্রাম পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।
প্রায় একই সময়ে নিউ ইস্কাটনে বিয়াম ভবনের গলিতে একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হলেও তা নিভিয়ে ফেলা হয়।
অগ্নিনির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মী জিয়াউর রহমান সন্ধ্যা পৌনে ৬টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার পর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে, মিরপুর ১২ নম্বর এবং কাকরাইল মসজিদের সামনে তিনটি গাড়িতে আগুন দেয়া হয়।
সন্ধ্যা ৭টার দিকে চানখারপুলে একটি বাস পুড়তে দেখা যায়।
সন্ধ্যায় সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশনের সামনে একটি ট্যাক্সিক্যাবে আগুন দেয়া হয়।
রাত পৌনে ৯টার দিকে বনানীর কাকলী এলাকায় একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রাজধানীতে গাড়ি ভাংচুর ও আগুন দেয়ায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে।
ঢাকার বাইরেও কয়েকটি জেলা থেকে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
রাত ১০টার দিকে টঙ্গী থানাধীন গাজীপুরা এলাকায় একটি তৈরি পোশাক কারখানার স্টাফ বাসে আগুন দেয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, বাসটিতে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয়া হয়েছে। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেরপুরের শহরের গির্দানারায়ণপুরে একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়। কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় নিউ মার্কেট এলাকায়।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত আড়াই মাসের চিত্র তুলে ধরে সম্প্রতি বলেন, এই সময়ে হরতাল ও রাজনৈতিক সংঘাতে ৯৭টি গাড়িতে অগ্নিসংযোগ এবং ৫৯৮টি গাড়ি ভাংচুর হয়েছে এবং এতে পরিবহন খাতে ক্ষতির পরিমাণ ২০ কোটি ৫৫ লাখ টাকা।
