২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী ছাত্রদলের সভাপতিসহ আটক ৬

হরতালে নাশকতার পরিকল্পনায় জড়িত অভিযোগে টঙ্গী থানা ছাত্রদলের সভাপতি মো. সিরাজুল ইসলাম সাথীসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 06:15 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, আটকদের মধ্যে টঙ্গীর ৬ নম্বর ওয়ার্ড  যুবদলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকও রয়েছেন। রোববার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

হরতাল সমর্থকরা রাতেই টঙ্গী ও কালীগঞ্জে দুইটি গাড়িতে আগুন দিয়েছে বলে জানান তিনি।

রাত ১০টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় স্থানীয় ‘বেইস ফ্যাশন’ নামের একটি পোশাক কারখানার  স্টাফ বাসে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। পরে অগ্নিনির্বাপক কর্মীরা গিয়ে আগুন নেভায়।

কালীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন জানান, রাত পৌনে ২টার দিকে গাজীপুরের কালীগঞ্জ-কাপাসিয়া মোড়ের পশ্চিমপাশে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় হরতাল সমর্থকরা। পুলিশের টহল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।  ওই কাভার্ড ভ্যানের সামনের অংশ পুড়ে গেছে।

এদিকে, জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. সুজায়েত হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভাওয়াল কলেজের সামনে কলেজ শাখা ছাত্রদলের একটি মিছিল থেকে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে।

এ সময় তারা সড়ক অবরোধ করে। পরে পুলিশ গেলে পালিয়ে যায় হরতালকারীরা।

হরতালে গাজীপুরে দূরপাল্লার গাড়ি চলাচল না করলেও অভ্যন্তরীণ রুটের সব বাস, রিকশা, অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।

কল-কারখানা, ব্যাংক-বীমা, অফিস-আদালত ও বিপনীবিতান সবই খোলা রয়েছে।

জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।