সাম্প্রদায়িকতা রুখতে দীপু মনির আহ্বান
সাম্প্রদায়িকতা এবং যুদ্ধাপরাধীদের বিচারের বাধাদানকারীদের রুখে দাঁড়াতে সবার প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ৯৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, “সম্বৃদ্ধ দেশ গড়ার ক্ষেত্রে সাম্প্রদায়িকতা আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শের দেশ গড়তে হলে সকলকে এ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
“আজকে যারা যুদ্ধাপরাধীদের বিচারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের বিষয়েও সকলতে সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষে এ সব যুদ্ধাপরাধীর শাস্তি হওয়া অত্যন্ত জরুরি। এদের শাস্তির দাবি থেকে বিচ্যুত হওয়া চলবে না। দেশেকে যারা ধর্মান্ধতার দিকে ঠেলে দিতে চায় তাদের প্রতিহত করতে এগিয়ে আসুন।”
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। একই সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার জন্য শপথ নেয়ার আহবান জানান।
বঙ্গমাতা পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন সাধারণ সম্পাদক আনিসুর রহমান, শাহনাজ পারভিন, সৈয়দা রাজিয়া মোস্তফা প্রমুখ।
