রাজধানীতে অটোরিকশা চালক খুন
রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরে ছুরিকাঘাতে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় উত্তর ইব্রাহিমপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম আলমগীর হোসেন (৪০)।
আলমগীরের স্ত্রী হাজেরা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, ওই সময় বাসার একটু দূরে অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন তার স্বামী। এ সময় কয়েকজন যুবক আলমগীরকে ছুরি মেরে দৌড়ে পালিয়ে যায়।
আহত আলমগীরকে তিনি প্রতিবেশীর সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা জানাতে পারেননি হাজেরা।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলমগীরের বুকে ও পিঠে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
দুই মেয়ে এক ছেলের জনক আলমগীরের গ্রামের বাড়ি ভোলার বোরহান উদ্দিনের উত্তর কুড়ালিয়ায়।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
