২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মদিনে চট্টগ্রামে নানা আয়োজন

নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 01:41 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

রোবরার বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে।

সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান। পরে শিশুদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা নগরীর বিভিন্ন দিক প্রদক্ষিণ করে পুনরায় একাডেমিতে গিয়ে শেষ হয়।

এদিকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতা কর্মীরা। পরে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন। 

দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভার আয়োজন করা হয়।  

সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে  কেক কেটে বঙ্গন্ধুর জন্মদিন পালন করে নগর যুবলীগ।

নগর যুবলীগের সভাপতি চন্দন ধরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান।

এর মধ্যে ছিল সকাল ১০টায় শিশু কিশোরদের ‘আমাদের মুক্তিযুদ্ধ’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা, ‘বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর’- বিষয়ক রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা।

চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.আলাউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আলী আশরাফ, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. ইমরান হোসেন, প্রক্টর সিরাজ-উদ-দৌল্লাহ প্রমুখ।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভা।

প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অর্থ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান।

বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি শহীদ উল আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউল হাকিম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, সিইউজে সাবেক সাধারণ সম্পাদক এম নাসিরুল হক ও নির্মল চন্দ্র দাশ ও প্রেস ক্লাবের স্থায়ী সদস্য হাসান ফেরদৌস প্রমুখ।

কারাগারে শিশু দিবস

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রথমবারের মত শিশু দিবস পালন করেছে কারা কর্তৃপক্ষ।

ডেপুটি জেলার নূর মোহাম্মদ সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে জেলা প্রশাসক আবদুল মান্নান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন।

এরপর কারা কর্তৃপক্ষ, বেসরকারি কারা পরিদর্শক ও কারা বন্দীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানো শেষে কারাগারে বন্দি মায়েদের সাথে থাকা ৪৮ শিশুকে নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক।

শিশু দিবস উপলক্ষে কেক কাটা শেষে শিশুদের নতুন কাপড়, কেক ও ফল বিতরণ করা হয় শিশুদের মাঝে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর আবুল হাশেম, জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া, জেলার রফিকুল কাদেরসহ কারা কর্মকর্তা ও কর্মচারীরা।