অন্তিম শয়ানে জামাল নজরুল
চট্টগ্রামের মাটিতে অন্তিম শয়ানে শায়িত হলেন গণিত ও পদার্থবিজ্ঞানী-জ্যোতির্বিদ অধ্যাপক জামাল নজরুল ইসলাম।
রোববার বিকালে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে গরীবুল্লাহ শাহ মাজার কবরস্থানে তাকে দাফন করা হয়।
দ্বিতীয় জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, কবি ও সাংবাদিক আবুল মোমেন, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দর খান, জামাল নজরুলের বড়ভাই কে জেড ইসলাম, শিল্পপতি সুফী মিজানুর রহমান ও খলিলুর রহমানসহ তার সহকর্মী, ছাত্র, বিভিন্ন শ্রেণি-পেশা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন স্থপতি সুভাষ বড়–য়া, বিধান বড়–য়া, জামাল নজরুল ইসলামের দুই মেয়ে সাদাফ বিন নজরুল ও নার্গিস বিন নজরুলসহ পরিবারের সদস্যরা।
অধ্যাপক জামাল নজরুল ইসলাম শুক্রবার গভীর রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত এই বিজ্ঞানী বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও দেশের টানে ১৯৮৪ সালে দেশে ফিরে এসে প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।
গবেষণার পাশাপাশি তিনি সংগীত, সাহিত্য চর্চা এবং দেশের বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
