২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে না গেলে ভোট ফেরত দিন: রব

সংসদে না গিয়েও নিয়মিত বেতন-ভাতা নেওয়ায় বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র সমালোচনা করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 11:08 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “জনগণের ভোট নিয়েও সংসদে যান না চার বছর। এমপি হিসেবে জনগণের টাকায় বেতন-ভাতা, বোনাস, ইনক্রিমেন্ট, টেলিফোন বিল, গ্যাস বিলসহ সব কিছু খেতে পারেন কিন্তু পার্লামেন্টে যান না।”

“পার্লামেন্টেও আন্দোলন করুন, রাস্তাও অন্দোলন করুন। আর পার্লামেন্টে না গেলে আমাদের ভোট ফেরত দিন।”

জেএসডির উপজেলা কমিটির সম্মেলন উপলক্ষ্যে শনিবার রাতে নোয়াখালীর কবিরহাটে হাজি ইদ্রিস চত্বরে জনসভায় বলছিলেন আ স ম আব্দুর রব।

নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বিএনপি সাংসদরা বিভিন্ন অভিযোগ এনে সংসদে গরহাজির থেকেছেন।

নবম সংসদের গত ১৬ টি অধিবেশনে মোট কার্যদিবস ছিল ৩৬২দিন। এতে বিরোধী দল বিএনপি সংসদে এসেছিল মাত্র ৫৪ দিন। এরমধ্যে বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপাসরসন খালেদার উপস্থিত ছিলেন মাত্র ৮ দিন।

দ্বাদশ অধিবেশন থেকে বিরোধী দলের সাংসদরা একটানা অনুপস্থিতি রয়েছেন গড়ে ৭৫ দিন। সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের অনুমতি ছাড়া টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজের বিধান রয়েছে।

জনগণের প্রতি বড় দুই দলের কোন মায়া-মমতা নেই উল্লেখ করে আওয়ামী নেতৃত্বাধীন সরকারের সাবেক মন্ত্রী রব বলেন, রক্তারক্তি-খুনাখুনি-হরতাল-বোমাবাজির মধ্যদিয়ে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেশের অর্থনীতিকে পঙ্গু করার কোন অধিকার সরকারেরও নেই; বিরোধী দলেরও নেই।

শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলকে ক্ষমতামুখী দল ও বিদ্যমান রাজনীতির প্রতি নতুন প্রজম্মের অনাস্থা হিসেবে উল্লেখ করেন তিনি।

রব বলেন, এ চেতনা যুদ্ধপরাধীদের বিচার শেষ করে শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণের সক্রিয় আন্দোলন গড়ে তুলবে।

জেএসডি উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম মাস্টারের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে জেএসডির সাংঠনিক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবদুল্যাহ আল তারেক, সদস্য তানিয়া রব, জেলার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাউসার নেয়াজী প্রমুখ।

সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, সাবেক মেয়র ফখরুল ইসলাম দুলাল শুভেচ্ছা বক্তব্য রাখেন।