শিক্ষা প্রতিষ্ঠানে সততার শপথ চায় দুদক
দুর্নীতি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিতভাবে সততা ও নিষ্ঠাবোধের শপথ অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের এই চিঠির ভিত্তিতে মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দিয়েছে।
দুদক চেয়ারম্যান গোলাম রহমান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা চাই দেশের সব শিক্ষার্থীর মধ্যে যেন সততা ও নিষ্ঠাবোধ জেগে উঠে। এজন্য শিক্ষার্থীদের অ্যাসেমব্লিতে যাতে সততা ও নিষ্ঠাবোধের শপথ পড়ানো হয় এই অনুরোধ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।
“কারো মধ্যে সততা ও নিষ্ঠাবোধ জেগে উঠলে তার মধ্যে দুর্নীতি করার প্রবণতা থাকবে না; আমরাও সেটাই চাচ্ছি।”
দুদকের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৮ হাজার ‘সততা সংঘ’ গঠন করা হয়েছে জানিয়ে কমিশনের চেয়ারম্যান বলেন, “এটা সরকারের নির্দেশনা না হওয়ায় শহরের কিছু স্কুল সততা সংঘ নিয়ে প্রশ্ন তুলেছে। তাই আমরা সরকারকে দিয়ে বিষয়টি বলানোর চেষ্টা করছি।”
স্কুল-কলেজ-মাদ্রসার সব শিক্ষার্থীই সততা সংঘের সদস্য জানিয়ে গোলাম রহমান বলেন, এসব শিক্ষার্থীকে তত্ত্বাবধান করার দায়িত্ব শিক্ষকদের। তাই শিক্ষকদের সমন্বয়েও ‘পরামর্শক কাউন্সিল’ গঠন করা হয়েছে।
মাউশি মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এধরনের একটি চিঠি আমাদের কাছে এসেছে। আমরা এটি নিয়ে কাজ করছি।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অ্যাসেমব্লিতে সততা ও নিষ্ঠাবোধের শপথবাক্য পাঠ হলে ভালো হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা বিষয়টি ইতিবাচক হিসাবেই দেখছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
শপথে যা আছে
আমি, সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে, ‘সততাই সর্বোত্তম নীতি’ এই মূলমন্ত্রে বিশ্বাসী হইয়া, স্বাধীনতার চেতনা ধারনপূর্বক একজন সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ, সমাজ-সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়িয়া তোলায় ব্রতী হইব।আমি আরো অঙ্গীকার করিতেছি যে, দেশ, মানুষ ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব এবং জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থানের বিকাশ, জনগণের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির প্রধান প্রতিবন্ধক দুর্নীতি প্রতিরোধে এবং দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়িয়া তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করিব। আমি সর্বদা লেখাপড়ায় মনোযোগী থাকিয়া গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল থাকিব। আমি নিজে কোনো অন্যায় ও দুর্নীতি করিব না এবং কোনো অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না।
