‘যুদ্ধাপরাধীদের বিচার রাষ্ট্রের ফরজ দায়িত্ব’
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করা রাষ্ট্রের ফরজ দায়িত্ব বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
“তাদের বিচার করা আমাদের ঈমানী দায়িত্ব, রাষ্ট্রের ফরজ দায়িত্ব।”
শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ’ আয়োজিত এক সেমিনারে কামরুল ইসলাম এসব কথা বলেন।
দেশে উদ্ভূত সঙ্কটময় পরিস্থিততে ‘অলি-আউলিয়া প্রচারিত ইসলামই প্রকৃত মানবতা ও মুক্তির পথ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।
আইন প্রতিমন্ত্রী বলেন, দেশে এখন কিছু ‘ভণ্ড, বকধার্মিকের’ হাতে পড়ে ইসলাম ‘বিপন্ন’ হতে চলেছে।
সেইসঙ্গে ‘মিথ্যাচারের’ জন্য কঠোর ভাষায় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ারও সমালোচনা করেন তিনি।
“ইসলামে সবচেয়ে বড় অপরাধ মিথ্যা কথা বলা। আমাদের বিরোধী দলীয় নেত্রী, যার কথাবার্তা, আচার-আচরণ, চাল-চলনে ইসলামের কোনো লেশমাত্র নেই। তার পিছনে এখন রয়েছে আরেক মোনাফেক দল।”
বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের জবাবে কামরুল ইসলাম বলেন, তিনি [খালেদা] গতকাল বলেছেন, ‘আজকে মন্দির বিপন্ন, কালকে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদও বিপন্ন হবে’-এটা মিথ্যাচার। জামায়াতের কর্মকাণ্ড তিনি আওয়ামী লীগের ঘাড়ে চাপাচ্ছেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর বলেন, “জামাত এমন একটি দল যারা রাজনীতিতে টিকে থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য দলের সংবিধান থেকে ‘আল্রাহর সার্বভৌমত্ব’ বিষয়ে ধারাটি বাদ দিয়েছে। এখন তাদের সংবিধানে আল্লাহও নেই, ইসলামও নেই।”
জামায়াতে ইসলামী দলটি জন্মের পর থেকে বারবার নিজেদের সংবিধান বদলেছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি অ্যাডভোকেট তানিয়া আমীর বলেন, যারা [জামায়াতে ইসলামী] বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করছে তারা এখনো দেশের নাগরিক হিসেবে গণ্য হচ্ছে। যে গণতন্ত্রের ফল তারা ভোগ করছে সে গণতন্ত্রে তারা বিশ্বাস করে না।
অরাজকতা সৃষ্টিকারীদের রাষ্ট্রীয়ভাবে ‘জঙ্গিবাদী’ হিসেবে ঘোষণা দেয়ার দাবি জানিয়ে এই আইনজীবী প্রশ্ন রাখেন, বিশ্বের কোনো দেশেই জঙ্গিবাদীরা নাগরিক হিসেবে গণ্য হয় না। নাগরিক সুবিধা পায় না। গণমাধ্যমের সুবিধা ভোগ করতে পারে না। আমাদের দেশে তারা এখনো কেন সব সুযোগ-সুবিধা পাচ্ছে?
তানিয়া আমীর আরো বলেন, “আমরা কখনোই আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা আইনের শাসন চাই। আইন নিজের হাতে তুলে নিলে তা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করবে। আমরা কখনোই তা চাই না। আমাদের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ রয়েছে, মিলিটারী রয়েছে, বিজিবি রয়েছে। এটা তাদের দায়িত্ব।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, মহাসচিব আল্লামা হানিফ নূরী, উপদেষ্টা আল্লামা সাদেক নূরীসহ আরো অনেকে।
