সিলেটে জামায়াতের তাণ্ডব, ব্যবসায়ীদের মানববন্ধন
শহীদ মিনার ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে সিলেট নগরীর বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর সব ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণীবিতান বন্ধ রেখে ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেন।
নগরীর বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, সুরমা পয়েন্ট, জিন্দাবাজার, শহীদ মিনার প্রাঙ্গণ, চৌহাট্টা, আম্বরখানা, দর্শন দেউড়ি, সুবিদবাজার, মিরাবাজার ও শিবগঞ্জে একযোগে মানববন্ধন হয়।
এতে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ছাড়াও প্রায় অর্ধশত ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন বিপণীবিতানের ব্যবসায়ী সমিতি অংশ নেয়।
মানববন্ধন থেকে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেন তারা।
মানববন্ধনে ব্যবসায়ী নেতারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটকারীদের অবিলম্বে সনাক্ত করে গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে হবে।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফারুক আহমদ মিছবাহ, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া প্রমুখ।
গত ২২ ফেব্রুয়ারি জামায়াত-শিবির সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও তার পার্শ্ববর্তী ট্রাস্ট ব্যাংক এবং এইচএসবিসি ব্যাংকে হামলা চালায়।
এ ঘটনার জের ধরে রাতে জামায়াত শিবিরের মালিকানাধীন বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ইসলামী ব্যাংক ভাঙচুর করে ছাত্রলীগ।
এরপর ২ মার্চ নগরীর আম্বরখানা, দর্শন দেউড়ি, দরগাগেইট, শাহীঈদগাহ, টিলাগড় ও শিবগঞ্জে জামায়াত-শিবির নেতাকর্মীরা শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ভাঙচুর করে। এছাড়া ১২ মার্চ নগরীর পূর্ব জিন্দাবাজার থেকে জেলরোড পর্যন্ত অন্তত ১৫টি দোকান ভাঙচুর করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। গত ১৫ মার্চ নগরীর লামাবাজারে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে ছাত্রদল।
