গাজীপুরে সংঘর্ষে আহত ৩০
গাজীপুরের শ্রীপুরে বনভোজনে আসা গার্মেন্ট কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ‘সি-গাল’ পিকনিক স্পটে সাভারের গ্রিন লাইফ গ্রুপের পোশাক শ্রমিকদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক মো. কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ৯০টি গাড়িতে কারখানার প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারি- শ্রমিক ‘সি গাল’ স্পটে বনভোজনে আসেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই স্পটে সংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলে কয়েজকন এলাকাবাসীও সেখানে ঢুকে পড়ে।
এ সময় এক নারীকে কটূক্তি করা নিয়ে স্থানীয় যুবক আবুল হোসেনের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি হয়।
পরে তাকে পিকনিক স্পটের একটি কক্ষে আটক রেখে নির্যাতন করা হচ্ছে এমন খবরে এলাকাবাসী স্পটের গেট ভেঙ্গে ভেতরে ঢুকে বনভোজনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়।
আহতদেরকে স্থানীয় আলহেরা মেডিকেল হাসপাতাল ও বিল্লাল মাস্টার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে যাদের অধিকাংশই স্থানীয়।
ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, রাত ১১টার দিকে উভয়পক্ষের সমঝতার পর পরিস্থিতি শান্ত হয়। বনভোজনকারীদেরকে পুলিশ পাহারায় নিরাপদে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়।
