২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদার উস্কানিতে জামায়াত-শিবির তাণ্ডব চালাচ্ছে’

জামায়াতের ‘মুখপাত্রের’ দায়িত্ব নিয়ে খালেদা জিয়া স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 05:42 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদরে স্থানীয় ১৪ দলের সমাবেশে তিনি এ কথা বলেন।

দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমু দাবি করেন, খালেদার ‘উস্কানিতে’ জামায়াত-শিবির সুপরিকল্পিতভাবে তাণ্ডব চালাচ্ছে এবং পুলিশ ও সাধারণ মানুষ হত্যাসহ জাতীয় সম্পদ ধ্বংস করছে।

শনিবার এই আওয়ামী লীগ নেতা শিবগঞ্জ উপজেলার কানসাটে জামায়াত-শিবিরের হামলা-আগুনে ক্ষতিগ্রস্ত পল্লী বিদ্যুত সমিতি দেখতে যাবেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসীর রায় ঘোষণার পর জামায়াত-শিবির কানসাট পল্লী বিদ্যুত সমিতির অফিস, কর্মচারীদের কোয়ার্টার, সাব স্টেশন, রেস্ট হাউসে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

এতে প্রায় দুইশ’ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিদ্যুতের অভাবে সেচ দিতে না পারায় হুমকির মুখে পড়েছে প্রায় ১২শ হেক্টর জমির চাষাবাদ।