২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গানে স্লোগানে জাগরণ আশুলিয়ায়

যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত নিষিদ্ধের দাবিতে আশুলিয়ায় গণজাগরণ সমাবেশের আগে মঞ্চে চলছে উদীচীর গণসংগীত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 09:13 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

এরই মাঝে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে জামগড়া এলাকা।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়া ফ্যান্টাসি কিংডমের সামনের এই মঞ্চে গণসংগীত শুরু করেন উদীচী শিল্পীগোষ্ঠী সাভার উপজেলা শাখার নেতাকর্মীরা।

শাহবাগ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, নাট্য ব্যাক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন।

গণজাগরণ মঞ্চের সংগঠক ও ছাত্র মৈত্রী সভাপতি বাপ্পাদিত্য বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহবাগের বাইরে আগের সমাবেশগুলোর মতোই আশুলিয়ায় বক্তব্য দেবেন ব্লগার ও ছাত্র নেতারা।

এদিকে চট্রগ্রামের মতো আশুলিয়াতেও হেফাজতে ইসলাম নামের সংগঠনটি জাগরণ মঞ্চের সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার মধ্য গাজীরচটের ইউনিভার্সাল প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্টারগার্টেন স্কুলে সংবাদ সম্মেলন করে থানা হেফাজতে ইসলামী ও স্থানীয় ওলামা কল্যাণ পরিষদ এই ঘোষণা দেয়। 

এদিকে সমাবেশের আড়াই ঘণ্টা আগে আশুলিয়ায় বেরন ও গাজীর চর এলাকায় পাঁচটি ককটেল ফাটানো হয়। এ ঘটনায় দুজন আহত হন বলে আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান।

ওসি বলেন, বিস্ফোরণের স্থান দুটি গণজাগরণ মঞ্চের সমাবেশস্থল থেকে দেড়-দুই কিলোমিটার দূরে। তবে কারা ও কী কারণে হাতবোমা ফাটিয়েছে তা স্পষ্ট নয়।

আশুলিয়ার সমাবেশ সামনে রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সমাবেশস্থল ঘিরে অর্ধশতাধিক ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল র‌্যাব ও পুলিশ। পুলিশের সাঁজোয়া যান ও জলকামানও প্রস্তুত রাখা হয়েছে রাখা হয়েছে।

ফ্যান্টাসি কিংডমের সামনে বৃহস্পতিবার রাতেই মঞ্চ তৈরির কাজ শেষ হয়। স্থানীয় ছাত্র জনতা দুপুর থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন।

দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল সড়কের বাইপাইল বাসস্ট্র্যান্ড এলাকায় এবং মঞ্চের পিছনে মালিহা ফিলিং স্টেশনের সামনে দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

আশুলিয়ায় সমাবেশ হলেও শাহবাগ প্রজন্ম চত্বরের কর্মসূচিও অব্যহত থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বিকালে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গণসঙ্গীত পরিবেশন করবে। গানের ফাঁকে ফাঁকে চলবে রাজাকারদের ফাঁসি দাবির স্লোগান।