‘সরকার গণতন্ত্র রেখেছে পুলিশের বুটের নিচে’
সরকার পুলিশ দিয়ে গণতন্ত্র দমনের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
ফাইল ছবি
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান, ভাঙচুর ও দেড় শতাধিক নেতা-কর্মীর গ্রেপ্তারের ঘটনা তারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।
সরকারের উদ্দেশে এই বিএনপি নেতা বলেন, “গণতন্ত্রকে পুলিশের বুটের নিচে রাখার ষড়যন্ত্র জনগণ কখনো সফল হতে দেবে না। আমরা বলতে চাই, এখনো সময় আছে, সাবধান হোন, গণতন্ত্র বিপন্ন হলে আপনাদেরই চরম মাসুল গুণতে হবে।”
জাতীয় প্রেস ক্লাবে স্বদেশ জাগরণ পরিষদ ‘জনগণের মৌলিক অধিকার ও আজকের বাংলাদেশ’ শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করে।
দেশে আইনের শাসন বা গণতন্ত্র কোনোটিই নেই- এমন মন্তব্য মওদুদ বলেন, “অপকর্ম, অপশাসনে সরকার পরিকল্পিতভাবে দেশ নৈরাজ্যকের পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের কথা উল্লেখ করে সাবেক আইনমন্ত্রী বলেন, “এই বিজয় কেবল সুপ্রিম কোর্টের আইনজীবীদের নয়, দেশের জনগণের বিজয়।”
এই ফলাফলের মাধ্যমে সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ প্রকাশিত হয়েছে বলেও তিনি মনে করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক পদে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনসহ ১৪টি পদের মধ্যে ১৩টি পদে বিজয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।
স্বদেশ জাগরণ পরিষদের সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অধ্যাপক আবুল খায়ের, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও নাগরিক সংসদের সভানেত্রী খালেদা ইয়াসমীন আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক সমাবেশে দলের সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেন, আগামী নির্বাচনে সেনা মোতায়েনের বিধান রাখতে নির্বাচনী আইন সংশোধন করার চেষ্টা করছে সরকার।
সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল তোপখানা মোড় হয়ে নয়া পল্টনে গিয়ে শেষ হয়।
