সুপ্রিম কোর্ট বারে জয় বিএনপিপন্থীদের
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মাহবুব উদ্দিন খোকন। সংসদ সদস্য খোকন বিএনপির যুগ্মমহাসচিব।
সভাপতি ও সম্পাদকসহ সমিতির ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পেয়েছে কেবল একটি সদস্য পদ।
বিভক্ত সরকার সমর্থক আইনজীবীরা নির্বাচনের আগে আগে এক মঞ্চে এলেও ফলাফলে তার কোনো প্রভাব দেখা যায়নি।
গত নির্বাচনে সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত জয়নুল আবেদীন বিজয়ী হলেও সরকার সমর্থক আইনজীবীরা সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদ পেয়েছিলেন।
প্রতিবারের মতো এবারো বার নির্বাচনের ভোট চলে দুই দিন ধরে। গণনা শেষে বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক নুর হোসেন চৌধুরী।
তিনি জানান, নির্বাচনে ৪ হাজার ৪৫ জন ভোটারের মধ্যে ৩ হাজার ২০৩ জন ভোট দিয়েছেন। অর্থাৎ, ভোট পড়েছে প্রায় ৭৯ শতাংশ।
সভাপতি পদে ঐক্য পরিষদের এ জে মোহাম্মদ আলী পেয়েছেন ১ হাজার ৬৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের আবদুল বাসেত মজুমদার পেয়েছেন ১ হাজার ৩৪০ ভোট।
সাধারণ সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন ১ হাজার ৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মো. রবিউল আলম বুদু পান ১ হাজার ৩৬৯ ভোট।
এ দুই প্যানেলের বাইরে বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা এবং ড. ইউনুস আলী আকন্দ সভাপতি পদে নির্বাচন করলেও প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীদের মধ্যে এ বি এম ওয়ালিউর রহমান খান ও মো. শাহজাদা সহ-সভাপতি পদে, রবিউল করিম কোষাধ্যক্ষ পদে এবং এবিএম রফিকুল ইসলাম রাজা ও মোহাম্মদ সাইফুর রহমান সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে এই প্যানেলের প্রার্থী আঞ্জুমান আরা বেগম মুন্নি, ফাতেমা খাতুন, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম, মো. আলমগীর হোসেন, মো. কামরুজ্জামান সেলিম ও মো. ওয়াহিদুজ্জামান সোহেল বিজয়ী হয়েছেন।
নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীদের মধ্যে একমাত্র হোসনে আরা বেগম বাবলীই সদস্য পড়ে জয়ী হতে পেরেছেন।
