২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে আঞ্চলিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো বাড়বে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 07:10 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

সফররত ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী রাদেন মোহাম্মদ মার্লি মরিয়ানা নাটালগায়া বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।

গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, এটি জনগণের সেবা ও উন্নয়ন নিশ্চিত করবে। 

শতাব্দির উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সাফল্য অর্জন করবো এবং পরবর্তীতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করবো।

তিনি দারিদ্র্যের প্রবণতা, সামাজিক কাঠামো, অর্থনীতি ও সাংস্কৃতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে সামঞ্জস্যতার কথা উল্লেখ করেন।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বর্তমান সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। ন্যাম, আসিয়ান এবং ওআইসিসহ আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

রাদেন মোহাম্মদ মার্লি মরিয়ানা নাটালগায়া দুই দেশের স্বার্থে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের আহবান জানান।

বৈঠকে অন্যান্যের মধ্যে এ্যাম্বাসেড এ্যাটলার্জ এম জিয়াউদ্দিন, বাংলাদেশে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আইওয়ান বীরান্তা আলমাদজি এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।

নতুন পোপকে অভিনন্দন

ক্যাথলিকদের নতুন ধর্মগুরু হোর্হে মারিও বারগোলিওকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর্জেন্টিনার এই কার্ডিনাল বুধবার পোপ নির্বাচিত হয়ে প্রথম ফ্রান্সিস নাম নিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী পোপের কাছে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

নতুন নির্বাচিত পোপের নেতৃত্বে ভেটিক্যানের সঙ্গে বাংলাদেশের উষ্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

চীনের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন

অপর এক বার্তায় চীনের নব নির্বাচিত প্রেসিডেন্ট সি জিংপিংকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রেসসচিব বলেন, বার্তায় প্রধানমন্ত্রী আশা করেন চীনের নতুন নেতৃত্বে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে।