থ্রি জি নীতিমালা নিয়ে শতেক প্রশ্ন
থ্রি জি লাইসেন্স নিলাম প্রক্রিয়া নিয়ে প্রি-বিড বৈঠকে মোবাইল ফোন অপারেটররা লাইসেন্স নীতিমালার শতাধিক প্রশ্নের উত্তর চেয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে লিখিত সুপারিশ করেছে।
বৃহস্পতিবার দেশের ৬টি মোবাইল ফোন অপারেটর ও বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মধ্যে তৃতীয় প্রজন্মের (থ্রি জি) মোবাইল প্রযুক্তি সেবা লাইসেন্স নিলাম নিয়ে প্রি-বিড বৈঠক হয়।
বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্সসিং বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে অপারেটররা ভ্যাট, ভ্যাস, রাজস্ব ভাগাভাগি, বিভিন্ন প্রযুক্তিগত বিষয়সহ থ্রি জি নীতিমালার ১০০টির বেশি বিষয়ে সুস্পষ্ট হওয়ার জন্য পৃথক পৃথকভাবে লিখিত সুপারিশ করেছে।
রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকসহ অন্য ৫টি অপারেটরের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক করে বিটিআরসি।
বৈঠক ফলপ্রসূ উল্লেখ করে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার মো. আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপারেটররা থ্রি জি লাইসেন্সের নীতিমালা নিয়ে বিভিন্ন বিষয়ে কোয়ারি চেয়েছে, তাদের এসব বিষয় খুব দ্রুত সুস্পষ্ট করে জানিয়ে দেয়া হবে।”
অপারেটরদের থ্রি জি নীতিমালা নিয়ে আরো যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তাহলে পরবর্তীতেও তারা জানাতে পারবেন বলে বলে জানান তিনি।
সামাদ বলেন, যেহেতু অপারেটররা থ্রি জি খাতে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করবে তাই এ ব্যাপারে বিটিআরসি সব সময় ইতিবাচক মনোভাব প্রকাশ করছে।
বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্সসিং বিভাগের ঊর্ধ্বতন আরেক কর্মকর্তা জানান, অপারেটরদের উত্থাপিত বিষয়গুলো এ মাসের মধ্যেই লাইসেন্স নীতিমালা অনুযায়ী তাদের সুস্পষ্টভাবে জানিয়ে দেয়া হবে এবং বিটিআরসি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
অপারেটরদের উত্থাপিত বিষয়গুলো নিয়ে বিটিআরসি’র অবস্থান জানানোর পর তা থ্রি জি নীতিমালায় সংযুক্ত করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।
অপারেটরদের উত্থাপিত কিছু বিষয়ে থ্রি জি নীতিমালায় সংযুক্তি করতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদনও প্রয়োজন হতে পারে।
নিলামে আগ্রহীদের আগামী ১২ মে আবেদন জমা দিতে হবে এবং এ আবেদন যাচাই-বাছাই করে ২০ মে নিলামযোগ্য অপারেটরদের নাম ঘোষণা করবে বিটিআরসি।
আগামী ৩০ মের মধ্যে নির্বাচিত অপারেটরদের বিড আর্নেস্ট মানি হিসেবে ২ কোটি ডলার জমা দিতে হবে এবং চূড়ান্তভাবে নিলামে অংশ নিতে যোগ্য অপারেটরদের নাম আগামী ৫ জুন প্রকাশ করবে বিটিআরসি।
৬ অপারেটরের মধ্যে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের পরীক্ষামূলক থ্রি জি সেবা দিচ্ছে। খসড়া নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে।
টেলিটক ও এক বিদেশি অপারেটরসহ ৫ অপারেটর থ্রিজি লাইসেন্স পাবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। চূড়ান্ত নীতিমালা ১৫ বছরের জন্য থ্রি জি লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত হয়।
