এবার ওয়েব ঠিকানা পাল্টাতে চায় ইসি
দাপ্তরিক নথি ও ভিজিটিং কার্ডে আলাদা নাম ব্যবহারের পর এবার ওয়েব ঠিকানা পাল্টানোর প্রস্তাব দিয়েছেন একজন নির্বাচন কমিশনার।
নোটটি ইতোমধ্যে কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগে পাঠিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
আবদুল মোবারক তার নোটে লেখেন, বর্তমানে নির্বাচন কমিশনের ওয়েব অ্যাড্রেস www.ecs.gov.bd। এতে সরকারের অধীন নির্বাচন কমিশন সচিবালয় ইঙ্গিত করে। অথচ আইনের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়কে সরকারের অধীনতা হতে মুক্ত করা হয়েছে এবং সেভাবে সরকারের রুলস অব বিজনেস সংশোধন করে নির্বাচন কমিশন সচিবালয়কে বাদ দেয়া হয়েছে।
“এই পরিপ্রেক্ষিতে ওয়েব অ্যাড্রেসটি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই নিম্নরূপ একটি ওয়েব অ্যাড্রেস রেজিস্ট্রেশনের পদক্ষেপ নেয়ার বিষয়ে বিবেচনা করার সবিনয় অনুরোধ করা যাচ্ছে- www.ecbd.org।”
বিষয়টি নিয়ে ৫ সদস্যের নির্বাচন কমিশনের অন্য সদস্যরা কেউ কথা বলেননি। তবে কমিশন কর্মকর্তারা বলছেন, কমিশনের সভায় আলোচনার পর এ নিয়ে মুখ খুলতে পারেন সদস্যরা।
ওই নোটের প্রতিক্রিয়ায় সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশনের কাজ হলো জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা নয়।”
সাংবিধানিক এই প্রতিষ্ঠান স্বাধীনতার পর থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন হিসেবে পরিচিত হলেও প্রায় এক বছর আগে দায়িত্ব নেয়া বর্তমান কমিশনের কমিশনাররাই প্রথম এর পরিচয় ভিন্নভাবে লিখে সমালোচনার জন্ম দেন।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ভিজিটিং কার্ডে লিখেছেন- ‘ইলেকশন কমিশন ফর বাংলাদেশ’; নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক লিখেছেন- ‘নির্বাচন কমিশন’; নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ ও জাবেদ আলী লিখেছেন- ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের কার্ডে নামের পরেই চিফ ইলেকশন কমিশনার, বাংলাদেশ লেখা রয়েছে।
এর পাশাপাশি জানুয়ারি মাসে প্রকাশিত নবম জাতীয় সংসদের পরিসংখ্যান প্রতিবেদনের প্রথম পৃষ্ঠায় লেখা হয়েছে ‘নির্বাচন কমিশন, বাংলাদেশ’।
আর কমিশনের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পরিচিতিতে বলা হয়েছে ‘বাংলাদশ নির্বাচন কমিশন’।
