ভাই খুনের ঘটনায় বুলবুলের মামলা
ছোট ভাই আহমেদ মিরাজ হত্যার ঘটনায় মামলা করেছেন সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানান, আহমেদ ইমতিয়াজ বুলবুল বাদী হয়ে মঙ্গলবার এই মামলা করেন। মামলায় আসামি হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামী সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
ছোট নিহত হওয়ার পর পরিবারের নিরাপত্ত চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এই সংগীত ব্যক্তিত্ব।
লাশ উদ্ধারের তিন দিনের মাথায় মামলা করা প্রসঙ্গে ওসি শামীম হোসেন বলেন, পারিবারিক ঝামেলা ও মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণে মামলা করতে দেরি হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আহমেদ মিরাজ ধানমন্ডিতে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর পল্লবীর বাসায় ফেরেননি।
ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ১২টা ৫০ মিনিটের মধ্যে যে কোনো সময় কে বা কারা অন্য কোথাও হত্যা করে তার লাশ কুড়িল উড়ালসেতুর নিচে রেললাইনের পাশে ফেলে গেছে।
পূর্বপরিকল্পিতভাবে মিরাজকে হত্যা করা হয়েছে বলে মামলায় বলা হয়েছে।
