সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শুরু
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
বুধবার সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে দু’দিনব্যাপী এই নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়।
৩৮টি বুথে দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচন উপ-কমিটির সদস্য মো. আমিনুল হক হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমিতির ২০১৩-১৪ কার্যবর্ষের নির্বাচনে ৪ হাজার ৪৫ জন ভোটার রয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই দিন ভোট গ্রহণের পর গণনা করে ফল ঘোষণা করা হবে।
প্যানেলে সহ-সভাপতির দুটি পদে শেখ আওসাফুর রহমান ও সারওয়ার আহমেদ, কোষাধ্যক্ষ পদে মো. আমির হোসেন এবং সহ-সম্পাদক পদে মো. সুজা আল ফারুক ও মোহাম্মদ আলী আজম লড়বেন।
সদস্য পদে এই প্যানেলের ৭ প্রার্থী হলেন মো. হাবিবুর রহমান হাবিব, গৌরাঙ্গ চন্দ্র কর, মো. আনোয়ার হোসেন রেজা, আয়েশা ফ্লোরা, হোসনেয়ারা বেগম বাবলী, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম ভূঁইয়া।
অন্যদিকে বিরোধী জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পক্ষে সভাপতি পদপ্রার্থী এ জে মোহাম্মদ আলী সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা।
সম্পাদক পদপ্রার্থী সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিএনপির যুগ্ম মহাসচিব এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব।
এই প্যানেলে সহ-সভাপতির দুটি পদে এ বি এম ওয়ালিউর রহমান খান, মো. শাহজাদার নাম ঘোষণা করা হয়েছে। সহ-সম্পাদকের দুটি পদে লড়বেন এবিএম রফিকুল ইসলাম রাজা এবং মোহাম্মদ সাইফুর রহমান।
বিএনপি-জামায়াতপন্থী এই প্যানেলের সাত সদস্য প্রার্থী হলেন, আঞ্জুমান আরা বেগম, ফাতেমা খাতুন, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম, মো. আলমগীর হোসেন, মো. কামরুজ্জামান সেলিম, মো. তাজুল ইসলাম মজুমদার ও মো. ওয়াহিদুজ্জামান সোহেল।
এই দুই প্যানেলের বাইরে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা এবং ড. ইউনুস আলী আকন্দ।
গত ২০১২-১৩ কার্যবর্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সভাপতি পদে বিরোধিজোট সমর্থিত জয়নুল আবেদীন বিজয়ী হলেও সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদ পেয়েছিল সরকার সমর্থক আইনজীবীরা।
এই নির্বাচনের পূর্বে সরকার সমর্থকরা বিভক্ত হয়ে পড়লেও শেষ পর্যন্ত নির্বাচনের আগে করে তারা এক মঞ্চে আসেন।
