গাজীপুরে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকামুখী একটি বাসে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রেজাউল করিম ওরফে কালু (২৮) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বাগানতলী গ্রামের সাইদুর রহমানের ছেলে।
তার কাছ থেকে দুটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে সালনা মহাসড়ক পুলিশ থানার ওসি আলমগীর সিদ্দিক জানান।
তিনি বলেন, বুধবার সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সাথী পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এসময় বাসচালকের পেছনের আসনে বসা কালুর হাতব্যাগে এসব অস্ত্র ও গুলি পাওয়া যায়।
ওসি বলেন, ওই অস্ত্র ও গুলি ঢাকার গাবতলীতে দুই জনের কাছে পৌঁছে দেয়ার জন্য আনা হয়েছিল বলে কালু জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
