২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকী হত্যার বিচার দাবিতে নাগরিক শোকসভা

নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে মঙ্গলবার শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 03:06 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

বিকালে খেলাঘর জেলার সভাপতি রথিন চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সিপিবির অন্যতম উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হালিম আজাদ, সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, ভবানী শংকর রায়, উদীচীর জেলা সভাপতি জাহিদুল হক দীপু, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, নাগরিক কমিটির সভাপতি এ.বি. সিদ্দিক, গণসংহতি আন্দোলনের নেতা তরিকুল সুজন, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংশু সাহা, ন্যাপের আওলাদ হোসেন, মহিলা পরিষদের জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সমগীতের অমল অকাশ, খেলাঘরের জহিরুল ইসলাম, জিয়াউল ইসলাম কাজল, মনি সুপান্ত প্রমুখ।

শোকসভায় বক্তারা বলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বাস ভাড়া কমানোর আন্দোলনসহ নারায়ণগঞ্জের গনমানুষের সব আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চেরও উদ্যোক্তা।

তারা অভিযোগ করেন, সকল প্রগতিশীল আন্দোলন থেকে রফিউর রাব্বিকে নিবৃত্ত করার জন্যই পরিকল্পিতভাবে তার সন্তানকে হত্যা করা হয়েছে।

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নারায়ণগঞ্জে একের পর এক হত্যকান্ড ঘটছেই। এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয়। ফলে সন্ত্রাসীরা দ্বিগুন উৎসাহে একটার পর একটা খুনের ঘটনা ঘটিয়েই যাচ্ছে।’

শোকসভায় অবিলম্বে ত্বকীর হত্যাকারীদের গ্রেপ্তার করে তাদের বিচারের দাবি জানানো হয়। অন্যথায় নারায়ণগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে প্রশাসনকে বাধ্য করা হবে বলেও ঘোষণা দেয়া হয়।

অন্যদিকে একই সময় শহরের বঙ্গবন্ধু সড়কের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মোড়ে ত্বকী ও মিরাজ উদ্দিন আহম্মেদের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, জামায়াত-শিবিরের তান্ডবের প্রতিবাদে গণসমাবেশ করেছে জেলা ও শহর আওয়ামী লীগ।

আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আনিসুর রহমান দিপু,  জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল প্রমুখ।

এই সমাবেশ থেকে ত্বকী হত্যার প্রতিবাদে নারায়নগঞ্জ সাংস্কৃতিক জোট ঘোষিত সকল কর্মসূচীর প্রতি একাত্মতা ঘোষণা করা হয়।

শুক্রবার বেল পৌঁনে ১১টার দিকে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ডান চোঁখে ও গলায় আঘাতের চিহ্ন ছিল।

ওই ঘটনায় শুক্রবার রাতে রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ত্বকি শহরের চাষাঢ়া এবিবি ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ বছর ‘এ’ লেভেল পরীক্ষা দেয়। দেশের সর্ব্বোচ্চ নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয় সে।

সাংবাদিকদের প্রতীকী অনশন

তানভীর মোহাম্মদ ত্বকির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে দুই ঘন্টা প্রতীকী অনশন করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

তাদের ব্যানারে লেখা ছিল- ‘ত্বকি তোমার মৃত্যু আমাদেরকে অপরাধী করে’।

কর্মসূচিতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, কার্যকরী কমিটির সদস্য রুমন রেজা, নাফিজ আশরাফ প্রমুখ।

কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ত্বকি হত্যাকাণ্ডের ছয়দিন পার হলেও খুনিকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তারা দ্রুত খুনীদের সনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন।

অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে মঞ্জুরুল আহসান খান বলেন, নারায়ণগঞ্জে একের পর এক খুনের ঘটনায় খুনিরা ধরাছোয়ার বাইরে থাকায় অপরাধ বাড়ছে। প্রশাসনের সর্বশক্তি প্রয়োগ করে ত্বকীর খুনিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসানুল মতিন ত্বকীর নৃশংস হত্যাকান্ডের ঘটনায় দু:খ প্রকাশ করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ত্বকী হত্যার তদন্ত জোরেসোরে চলছে। তদন্তে সন্তোষক অগ্রগতি হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আশ্বাস দিয়ে বলেন, “অপরাধী অপরাধীই। তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। শীঘ্রই খুনিদের গ্রেপ্তার করা হবে।”