২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মামলায় ১৭ দিনের রিমান্ডের আবেদন

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে দুটি মামলায় রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুকসহ ১৫৮ আসামিকে মোট ১৭ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 10:30 AM

Updated : 25 Apr 2022, 06:28 PM

শুনানির জন্য আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

পল্টন থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ও মো. আলাউদ্দিন মঙ্গলবার দুপুরে পল্টন থানায় এ দুটি মামলা দায়ের করেন।

পল্টন থানার ওসি গোলাম সারোয়ার জানান, মামলা দুটির মধ্যে একটি করা হয়েছে দ্রুত বিচার আইনে; অন্যটি বিস্ফোরক আইনে।

দুই মামলাতেই ১৮ দলীয় জোটের ১৫৪ জনের নাম উল্লেখ করে আরো ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বিরোধী দলীয় প্রধান হুইপ ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী ছাড়াও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও মো. শাজাহান, ড্যাব মহাসচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এম জাহিদ হোসেন এবং বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে এজাহারে হুকুমের আসামি করা হয়েছে।

দ্রুত বিচার আইনের মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাহামুদুল হাসান ৭ দিন এবং বিস্ফোরক আইনের মামলার তদন্ত কর্মকর্তা এস আই আবু জাফর ১০ দিন করে রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেছেন।   

মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে দ্রুত বিচার আইনের মামলা এবং অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সহিদুল ইসলামের আদালতে বিস্ফোরক আইনের মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।  

দুই মামলায় অভিযোগ করা হয়েছে- রিজভী, ফারুকসহ ছয় হুকুমের আসামি সোমবার বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের সমাবেশে মাইকের মাধ্যমে ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টির কথা বলে কর্মীদের উত্তেজিত করে তোলে। এর ফলে দলীয় কর্মীরা ওই এলাকায় ১৮ থেকে ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। জনসাধারণের চলাচলের রাস্তায় টায়ার, চট, কাঠ ও কাগজ দিয়ে সাতটি জায়গায় আগুন দিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে।

“পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে তারা বৃষ্টির মতো ইট নিক্ষেপ করে। ওই সময় পুলিশকে হত্যার উদ্দেশ্যে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত আরো তিনটি ককটেল ফাটানো হয়। তাদের ইটের আঘাতে কয়েকজন কনস্টেবল আহত হন।”

সোমবার বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়। তাৎক্ষণিকভাবে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় ও আশেপাশের এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৫৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়।

তবে পল্টন থানায় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার সময় মির্জা ফখরুল, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দেয় পুলিশ।

পুরনো খবর:

বিএনপি কার্যালয় থেকে শীর্ষনেতাদের আটক
বিএনপি কার্যালয়ে বোমা পেয়েছে পুলিশ