চট্টগ্রামে বাসে আগুন
হরতালের আগের রাতে বন্দরনগরীতে বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
সোমবার রাত সোয়া ন’টার দিকে লালদিঘীর পাড় এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লালদীঘীর পূর্ব পাড় এলাকায় পার্ক করে রাখা বাসটিতে আগুন দেয় হরতাল সমর্থকরা।
নন্দনকানন ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরফুল আহসান ভূঁইয়া বলেন, “উচ্ছৃঙ্খল জনতা লালদিঘীর পূর্ব পাড়ে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয়।”
এদিকে, নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় কয়েকটি যানবাহনে ভাংচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
অবশ্য চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক এধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানান।
