২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটায় বিএনপি: পুলিশ

বিএনপি হরতাল দেয়ার জন্য পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের সমাবেশ পণ্ডের নাটক করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মেহেদী হাসান। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 01:44 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

সোমবার বিকাল পৌনে ৫টার দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে নয়া পল্টনে ১৮ দলের সমাবেশের পশ্চিম অংশে।

ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা দিচ্ছিলেন।

বিস্ফোরণের পরপরই ওই সমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর মির্জা ফখরুল মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।

এর কিছুক্ষণ পর বিএনপি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, “বিএনপির সমাবেশ যেন গণতান্ত্রিকভাবে চলতে পারে সে জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু তাদের মধ্যে দূরভিসন্ধি ছিল। তাই পরিকল্পিতভাবে তারা এ অঘটন ঘটিয়েছে।”

এই পুলিশ কর্মকর্তা বলেন, সমাবেশস্থলে কোনো পুলিশ ছিল না। পুলিশ ছিল নাইটিঙ্গেল মোড়ে ও পল্টন থানার সামনে।সমাবেশের মধ্যে বিস্ফোরণের পরপরই ১৮ দলীয় জোটকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে এবং একটি মোটর সাইকেল ও একটি রিকশা ভ্যান পুড়িয়ে দেয়।

পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বলেন, “আপনারা নিজেরাই দেখেছেন, পুলিশ দীর্ঘসময় ধরে ধৈর্যের পরিচয় দিয়েছে। পুলিশ চেয়েছে, এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশের ওপরে যেন কোনো মিথ্যা দোষ দিতে না পারে- সে অনুযায়ী আমরা কাজ করেছি।”

মেহেদী হাসান অভিযোগ করেন, আইন শৃংখলা বাহিনীর যে সদস্যরা বিভিন্ন উঁচু ভবনে দায়িত্ব পালন করছিলেন, বিএনপি নেতাকর্মীরা তাদের জীবন ‘হুমকির মুখে’ ঠেলে দেয়।

সভা পণ্ড হয়ে যাওয়ার পর প্রায় আধা ঘণ্টা ধরে নয়া পল্টন এলাকায় সড়কে অবস্থান নিয়ে আশপাশের ভবনের দিকে ঢিল ছুড়তে দেখা যায় বিএনপি কর্মীদের। 

বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ নাইটিঙ্গেল মোড় থেকে ধাওয়া দিলে বিএনপি কর্মীরা বিভিন্ন গলিতে ঢুকে পড়ে।

এরপর পুলিশ সমাবেশস্থলের আশে পাশের গলিতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। এবং বিএনপি কার্যালয়ে তল্লাশি চালায়।