২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করায় মামলা

গাইবান্ধার সদর উপজেলার এক মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করার অভিযোগে মামলা করেছেন আরেক মুক্তিযোদ্ধা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাইবান্ধা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 01:16 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

সোমবার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রশিদ।

আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ২৫ মার্চ বিবাদীদের সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার বিবাদীরা হলেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলী আকবর, সহকারী কমান্ডার আইয়ুব মিয়া, মুক্তিযোদ্ধা মজিবর রহমান ও মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।

মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ২২ ডিসেম্বর গাইবান্ধা শহরের শাপলা পাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা এ কে এম মোশাররফ হোসেন সরকার (আইডি নং- ০৬০২০১০২৫১, গেজেট নং-১৮০) নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করার জন্য মামলার এই চার বিবাদীকে অনুরোধ করা হয়।

কিন্তু তারা মোশাররফ হোসেনকে প্রতারক ও অবৈধ সনদের মুক্তিযোদ্ধা বলে রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফনের ব্যবস্থা গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

মামলার বাদী আব্দুর রশিদ বলেন, প্রয়াত মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা পেতেন।