গণজাগরণ সমাবেশ প্রতিহতের হুমকি হেফাজতের
চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের বুধবারের মহাসমাবেশ প্রতিহত করার হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সোমবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে দলটির নেতারা ১৩ মার্চ নগরীর তিনটি স্থানে পাল্টা সমাবেশের ঘোষণাও দিয়েছেন।
চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমাবেশের ওই দিন দলটি চট্টগ্রামে হরতালও ডেকেছে।
হত্যা, ধর্ষণ, লুণ্ঠনে জড়িত যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি গণজাগরণ আন্দোলন শুরুর পর এর বিরোধিতা করে আসছে জামায়াতে ইসলামী।
এরপর শাহবাগের ‘অনৈসলামিক কর্মকাণ্ড’ হচ্ছে বলে মাঠে নামে কয়েকটি ইসলামী দল।
গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে, জামায়াত ইসলামী তাদের অপপ্রচার চালিয়ে ধর্মভীরু মানুষদের বিভ্রান্ত করছে।
আন্দোলনকারীরা বলছে, ইসলামসহ কোনো ধর্মকে আঘাত করে গণজাগরণ মঞ্চে কিছু হচ্ছে না। শুধু যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধের দাবি রয়েছে তাদের।
কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবুনগরীর পক্ষে লিখিত বক্তব্যে রূহী বলেন, যারা নাস্তিক ব্লগারদের সমর্থন দেবে তাদেরকেও প্রতিহত করতে হবে। এটি মুসলমানদের ঈমানি দায়িত্ব।
সংবাদ সম্মেলন শেষে হেফাজতে ইসলামের নেতারা পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে দেখা করে জামালখান প্রেসক্লাব চত্বর, লালদীঘি মাঠ ও পুরাতন রেল স্টেশন চত্বরে সমাবেশ করার অনুমতি চান।
পুলিশ কমিশনার কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব হাফেজ জুনাইদ বাবুনগরী সাংবাদিকদের বলেন, “আমরা পুলিশ কমিশনারকে সমাবেশ ও হরতালের কথা বলেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, সরকারের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করবেন।”
‘নাস্তিক ব্লগাররা’ চট্টগ্রামে না এলে হরতাল প্রত্যাহার করা হবে বলেও জানান বাবুনগরী।
মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, পুলিশের পক্ষ থেকে অন্য কোথাও সমাবেশ করা এবং কোনো প্রকার সংঘাত যাতে না হয় তার জন্য অনুরোধ করা হয়েছে।
