২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের নিবন্ধন বাতিলের শুনানির জন্য বেঞ্চ গঠন

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের আবেদনের শুনানি নিতে বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 04:25 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

তিন বিচারপতির সমন্বয়ে রোববার সন্ধ্যায় এই বেঞ্চ গঠিত হয়েছে। এরা হচ্ছেন, বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল-হক।

এর আগে সকালে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন এবং বিচারপতি কাজী রেজা-উল-হক বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য আসে।

Image
ব্যারিস্টার তানিয়া আমীর

ব্যারিস্টার তানিয়া আমীর

বাদি পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার তানিয়া আমীর।

বিবাদী জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। শুনানিতে ব্যারিস্টার রাজ্জাক সংক্ষিপ্ত বক্তব্যে সময় প্রার্থনা করেন।

তিনি বলেন, রিট আবেদনটি দায়েরের পর জামায়াতের গঠনতন্ত্রে অনেক পরিবর্তন করা হয়েছে। যার ফলে রিটটি অকার্যকর হয়ে গেছে।

তখন আদালত ব্যারিস্টার রাজ্জাককে বলে, তারা মামলার বিবরণ আগে শুনবেন।

তখন তানিয়া আমীর রিটের বিবরণ আদালতের কাছে তুলে ধরেন।

তানিয়া আমীরের বক্তব্যের এক পর্যায়ে আদালত বলে, এই রিটে সাংবিধানিক ও আইনগত বিষয় জড়িত। এ কারণে আবেদন বৃহত্তর বেঞ্চে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিচ্ছি।

পরে আদালত তা পাঠিয়ে দেয় প্রধান বিচারপতির দপ্তরে। সেখান থেকে বিকালে দুই বিচারপতির সঙ্গে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে যোগ করে বৃহত্তর বেঞ্চ গঠনের আদেশ দেন।

বিচারপতি এম মোয়াজ্জামের নেতৃত্বে অন্য একটি নিয়মিত দ্বৈত বেঞ্চ রয়েছে। নিয়মিত সেই বেঞ্চে নতুন কনিষ্ঠ বিচারপতি দিয়ে জামায়াতের নিবন্ধন সম্পর্কিত রিট শুনানির জন্য এই বেঞ্চ গঠন করা হয়। যা সর্বশেষ আদেশে রূপ পেলো বৃহত্তর বেঞ্চের।

হাই কোর্টে একক ও দ্বৈত বেঞ্চে বিচারপতিরা বিভিন্ন মামলার শুনানি গ্রহণ করে থাকেন। তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে বৃহত্তর বেঞ্চও গঠন করা হয়ে থাকে। সর্বশেষ আমাদের সময়ের মালিকানা নিয়ে নাঈমুল ইসলাম খানের রিটে বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়েছিল।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন ওই রিট আবেদন করার পর ২০০৯ সালের ২৭ জানুয়ারি হাই কোর্ট একটি রুল জারি করে।

Image
হরতালের সমর্থনে শনিবার রাজধানীর ফকিরাপুল এলাকায় মিছিল বের করে জামায়াতে ইসলামী। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, জানুয়ারি ০৫, ২০১৩

হরতালের সমর্থনে শনিবার রাজধানীর ফকিরাপুল এলাকায় মিছিল বের করে জামায়াতে ইসলামী। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, জানুয়ারি ০৫, ২০১৩

একটি রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ব বাহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি(১)(বি)(২) ও ৯০(সি) অনুচ্ছেদের লঙ্ঘন ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।

জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ এবং নির্বাচন কমিশন সচিবকে ৬ সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলে বিচারপতি এম বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবদুল হাইয়ের বেঞ্চ।

পরে রুলটি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে যায়। সেখানে আংশিক শুনানির মধ্যেই ওই বেঞ্চে এখতিয়ার পরিবর্তন হয়ে যায়।

ওই রিটের বাদি পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০৯ সালে রুল জারি হলেও এখন পর্যন্ত বিবাদির কারো জবাব আমরা হাতে পাইনি। তবে রুল শুনানি পর্যায়ে জামায়াতের পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ওকালতনামাও দাখিল করেছিলেন।”

রিট আবেদনে বলা হয়, চার কারণে জামায়াত রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পেতে পারে না।

প্রথমত, জামায়াত নীতিগতভাবে জনগণকে সকল ক্ষমতা উৎস বলে মনে করে না। সেইসঙ্গে আইন প্রণয়নে জনপ্রতিনিধিদের নিরঙ্কুশ ক্ষমতাকেও স্বীকার করে না।

দ্বিতীয়ত, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুসারে কোনো সাম্প্রদায়িক দল নিবন্ধন পেতে পারে না। অথচ কাজে কর্মে ও বিশ্বাসে জামায়াত একটি সাম্প্রদায়িক দল।

তৃতীয়ত, নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল ধর্ম-বর্ণ-লিঙ্গের কোনো বৈষম্য করতে পারবে না। কিন্তু জামায়াতের শীর্ষপদে কখনো কোনো নারী বা অমুসলিম যেতে পারবে না।

চতুর্থত, কোনো দলের বিদেশে কোনো শাখা থাকতে পারবে না। অথচ জামায়াত বিদেশের একটি সংগঠনের শাখা। তারা স্বীকারই করে তাদের জন্ম ভারতে। বিশ্বজুড়ে তাদের শাখা রয়েছে।

তানিয়া আমীর বলেন, “জামায়াতে ইসলামীর ইন্দোনেশিয়ার প্রধান সেখানে বালি বোমা হামলার মামলায় দণ্ডিত হয়েছেন। জামায়াত ইসলামী পাকিস্তানও নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত।”

সম্প্রতি সারা দেশে জামায়াত নিষিদ্ধের দাবি আবারো জোরালো হয়ে ওঠায় আবেদনকারীরা আবারো মামলাটি শুনানির জন্য নিয়ে আসেন। পরে প্রধান বিচারপতি বেঞ্চ নির্ধারণ করে দেন বলে তানিয়া আমীর জানান।

“এই রিটে হয়তো জামায়াত নিষিদ্ধ হবে না। তবে পক্ষে রায় পেলে একটি অগ্রগতি হবে। জামায়াতের নিবন্ধন পাওয়ার যোগ্যতা নেই- এটাই আমাদের রিটের আলোচ্য বিষয়। তবে এর বাইরেও জামায়াত আরো অনেক অপরাধে অপরাধী।”

এই আইনজীবীর মতে, একাত্তরের অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়া তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সন্ত্রাস বিরোধী আইনেও ব্যবস্থা নেয়া যায়।

“এর একটি অপরটির বিকল্প নয়। তিন ব্যবস্থাই একসঙ্গে নিতে হবে”, বলেন তানিয়া।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণ জাগরণ তৈরি হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করে সরকার। আর এর মধ্য দিয়েই একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য দল হিসাবে জামায়াতের বিচার করার পথ তৈরি হয়।

পুরনো খবর:

জামায়াতের নিবন্ধন: রিট ফের প্রধান বিচারপতির কছে