২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খুন-গুমে দমবে না এই তারুণ্য’

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হচ্ছে, শত হুমকির মধ্যেও তা থেকে পিছু না হটার কথা বলেছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 01:43 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

রোববার ঢাকার উত্তরায় সমাবেশে এই প্রত্যয় জানানোর পাশপাশি আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠকরা।

গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষী সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই খুন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গণজাগরণ মঞ্চের সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়।

শনিবার রাতে উত্তরা থেকে কয়েক কিলোমিটারের মধ্যে কুড়িলে রেললাইনের ধারে মিরাজের লাশ পাওয়া যায়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গত ৫ ফেব্রুয়ারি গণজাগরণ আন্দোলন শুরু হওয়ার ১০ দিনের মাথায় খুন হন ব্লগার আহমেদ রাজীব হায়দার।    

এরপর গত শুক্রবার লাশ পাওয়া যায় নারায়ণগঞ্জে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলের। এর আগে গত ২২ ফেব্রুয়ারি লাশ পাওয়া যায় সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষী ওয়াহিদুল আলম জুনুর।

এছাড়া গণজাগরণ আন্দোলনে সম্পৃক্ত কামাল পাশা চৌধুরী সম্প্রতি হামলার শিকার হন। মিরপুরে হামলায় পড়েন অনলাইন অ্যাক্টিভিস্ট সানিউর রহমান।

উত্তরার সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “আমরা দেখতে পাচ্ছি, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যারাই কথা বলছেন, তারাই হত্যাকাণ্ডের স্বীকার হচ্ছেন। তাদের ওপরে হামলা হচ্ছে।

“আমরা সরকারের কাছে আগেও দাবি করেছি, এখনো বলছি। আন্দোলনকারী প্রত্যেকের নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।”

Image
Demonstrators of Ganajagaran Mancha hold a rally at Uttara in Dhaka on Sunday to press for their demand for death to all convicted war criminals and a ban on Jamaat-e-Islami

Demonstrators of Ganajagaran Mancha hold a rally at Uttara in Dhaka on Sunday to press for their demand for death to all convicted war criminals and a ban on Jamaat-e-Islami

শাহবাগের বাইরে চট্টগ্রামে সমাবেশের আগে উত্তরায় সমাবেশ করল গণজাগরণ মঞ্চ।

আগামী ১৩ মার্চ চট্টগ্রাম নগরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণজাগরণ মঞ্চের সমাবেশের দিন হরতাল ডেকেছে হেফাজতে ইসলামী, যারা শাহবাগ আন্দোলনের বিরোধিতা করছে। 

ইমরান বলেন, “হরতাল, খুন কিংবা গুম দিয়ে আমাদের  আন্দোলনকে দমানো যাবে না। আমরা ওই দিন যে কোনো মূল্যে সমাবেশ করব।”

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই, বলেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান।

সমাবেশে বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, “আন্দোলনের ৩৪ দিনে আমরা আমাদের অনেক সাথীকে হারিয়েছি।

“শাহবাগের আন্দোলন যখন সারা দেশে ছড়িয়েছে, তখন জামায়াত-শিবির সারাদেশে তাণ্ডব শুরু করেছে। আমরা বলতে চাই, কোনো তাণ্ডব দিয়ে আমাদের আন্দোলন দমন করা যাবে না।”

“এই সমাবেশে যদি কোনো অঘটন ঘটে, তবে এর দায়-দায়িত্ব জামায়াত-শিবির ও তাদের দোসরদেরকে নিতে হবে,” হুঁশিয়ারি দেন এই ছাত্রনেতা।

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জামায়াতের সাম্প্রতিক তাণ্ডবের প্রেক্ষাপটে জনগণকে  লাঠি হাতে প্রস্তুত থাকার আহবান জানান বাপ্পাদিত্য।

“কোথাও জামায়াত-শিবিরের তাণ্ডব দেখলে তাদের পিটিয়ে পুলিশে সোপর্দ করুন।”

ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, “এ অবস্থায় আমরা কেউই নিরপদ নই। আপনারা (জনগন) সজাগ থাকবেন আর বাঁশের লাঠি প্রস্তুত রাখবেন। রাজাকার চক্রকে প্রতিহত করতে হবে।”

সাম্প্রদায়িক তাণ্ডবের জন্য জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলসহ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের দাবি জানান ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ।

উত্তরার ১১ নম্বর সেক্টর চৌরাস্তার কাছে বেলা সোয়া ৪টায় জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যদিয়ে সমাবেশ শুরু হয়।

Image
Demonstrators of Ganajagaran Mancha hold a rally at Uttara in Dhaka on Sunday to press for their demand for death to all convicted war criminals and a ban on Jamaat-e-Islami

Demonstrators of Ganajagaran Mancha hold a rally at Uttara in Dhaka on Sunday to press for their demand for death to all convicted war criminals and a ban on Jamaat-e-Islami

উত্তরা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  দুপুর ২টা থেকে দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করে। স্লোগানে স্লোগানে সমাবেশস্থল মুখর করে রাখে তারা।

সমাবেশে অন্যান্য ছাত্র নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারন সম্পাদক মেহেদী হাসান তমাল, ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক সাবিনা রহমান, বাংলাদেশ ছাত্র সমিতির আহবায়ক সাইদুর রহমান খান, বিপ্লবী ছাত্র মৈত্রীর মীর রেজাউল আলম, ছাত্র আন্দোলনের আহবায়ক মঞ্জুরুল আহসান মিঠু, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সুমন প্রমুখ।

সমাবেশে সংহতি জানায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, সরকারি তিতুমীর কলেজ, হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজ, ঢাকা উইম্যান্স কলেজ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, কামারপাড়া স্কুল ও কলেজ, তুরাগ থানা নাগরিক হিতৈষী কমিটি, পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, প্রজন্ম ৭১, উত্তরা সচেতন যুব সমাজ ইত্যাদি।

শাহবাগে গত ৮ মার্চ গণজাগরণ মঞ্চে নারী জাগরণী সমাবেশে বোমাহামলার পর উত্তরার এই জনসভায় নিরাপত্তা ছিল জোরদার।

সমাবেশস্থলের আশেপাশের ‍উঁচু ভবনগুলোর ছাদে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা নজরে পড়ে।

সমাবেশ চলাকালীন সময়ে মঞ্চের দক্ষিণ দিকে চলছিল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণস্বাক্ষরও।

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগ থেকে শুরু হয় গণজাগরণ আন্দোলন।

এই আন্দোলনের মুখে যুদ্ধাপরাধের যে কোনো রায়ের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিলের সমান সুযোগ রেখে আইন সংশোধন করেছে সরকার।

তবে জামায়াত নিষিদ্ধসহ আরো পাঁচটি দাবি রয়েছে গণজাগরণ মঞ্চের।