উস্কানিদাতাদের গ্রেপ্তার চান শাহরিয়ার কবির
নোয়াখালী জেলার বেগমগঞ্জের রাজগঞ্জে হিন্দুদের মন্দির, বাড়ি-ঘরে হামলা ও উস্কানিদাতাদেরকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, “হামলার তিনদিন আগে তিনজন ‘মাওলানা’ রাজগঞ্জে ওয়াজ করে হিন্দুদের বিরুদ্ধে বিষদগার করেছেন।তারা ওই ঘটনার জন্য দায়ী।”
তিনি দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আক্রান্ত বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেন। এ সময় স্থানীয় হিন্দু-মুসলিম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও মন্দির কমিটির নেতারা তার সঙ্গে ছিলেন।
স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে শাহরিয়ার কবির বলেন, রাজগঞ্জ বাজারে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সমাজ কল্যাণ পরিষদের আড়ালে জামায়াতে ইসলামী ওয়াজ মাহফিলের অয়োজন করে।ওয়াজে ঢাকা থেকে আসা মাওলানা কাজী মো. ইব্রাহিম, ড. মহিউল ইসলাম ও কুমিল্লা থেকে আসা আ. ন. ম. মাঈদ উদ্দিন সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার তুরিন আফরোজ, সম্পাদ কমন্ডলীর সদস্য সৈয়দ মাহবুব রশিদ প্রমুখ।
এছাড়া জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিনয় কিশোর রায়, জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল হোসেন বাঙালী উপস্থিত ছিলেন।
