২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলী হওয়ার স্বপ্ন পূরণ হলোনা ত্বকির

প্রকৌশলী হওয়ার স্বপ্ন পূরণ হলো না তানভীর মোহাম্মদ ত্বকি’র। বুয়েটে ভর্তি হওয়ার আগেই তাকে দুর্বৃত্তদের হাতে খুন হয়ে না ফেরার দেশে চলে যেতে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 05:56 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

বাবার কাছে ত্বকি প্রায়ই বলতো সে বড় হয়ে প্রকৌশলী হবে। বাবার জন্য ছবি ও ভাস্কর্য নির্মাণে একটি স্টুডিও তৈরি করে দেবে। কেননা ত্বকি জানে তার বাবা একজন ভালো চিত্র ও অঙ্কন শিল্পী।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন একটি খালে ত্বকির লাশ পাওয়া যায়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শহরের চাষাঢ়ার ইংরেজি মাধ্যমের স্কুল এবিসি ইন্টারন্যাশনাল থেকে এ বছর 'এ' লেভেল পরীক্ষায় অংশ নেয় ত্বকি। বৃহস্পতিবার ওই পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয় এই কিশোর।

ত্বকির বাবা নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি ভালো রেজাল্টের জন্য তাকে পড়াশোনার চাপ দিলে সে তার বাবাকে বলতো ‘বাবা ভালো রেজাল্ট করে কী হবে? যদি মানুষের মতো মানুষ হতে না পারি।’

ত্বকি একজন ভালো মানুষ হওয়ার স্বপ্ন লালন করতো মনের গভীরে।

শনিবার দুপুরে শহরের পুরাতন কোর্ট এলাকার শায়েস্তা খান সড়কে রফিউর রাব্বির বাসায় ত্বকির চাচা কবি ও কথা সাহিত্যিক ওয়াহিদ রেজা ত্বকির এই স্বপ্নের কথা জানালেন।

ত্বকির ঘরে সাজানো বই ও বিভিন্ন মৃৎ শিল্পের শো-পিস দেখিয়ে কান্নাভেজা কন্ঠে ওয়াহিদ রেজা বলেন, “এগুলো ত্বকির নিজের কালেকশন। সে মাঝে মাঝে লেখালেখি করতো। ত্বকি এমনিতে খুব শান্ত প্রকৃতির। খুব কম কথা বলতো। তার তেমন কোন বন্ধু ছিল না।

“সে বাসা থেকে স্কুল এবং স্কুল থেকে শহরের চাষাঢ়া সুধীজন পাঠাগারে যাওয়া আসা করতো। তার হাতেগোনা বিদ্যালয়ের কয়েকজন বন্ধু ছিল। ছোট দুই ভাই কোন বিষয়ে খুনসুটি করলে সে ছোট ভাই সাকিকে শুধু এটুকুই বলতো তুমি চুপ কর।”

তিনি আরো জানান, ত্বকির মৃত্যুর ঘটনার পর থেকে তার ছোট ভাই সাকি একেবারে চুপ হয়ে গেছে। তার মা বাকরুদ্ধ হয়ে পড়েছে। ত্বকির ছবি এবং ব্যবহৃত জিনিসপত্র শুধু হাতড়ে বেড়াচ্ছেন তিনি। সারাক্ষণ ‘ত্বকি ত্বকি’ করে বিলাপ করছেন।

ত্বকি হত্যার ঘটনায় এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার সাহা তার মেধা সর্ম্পকে বলেন, তানভীর মোহাম্মদ ত্বকি একজন মেধাবী শিক্ষার্থী ছিল। নিখোঁজ হওয়ার পরদিন বৃহস্পতিবার তার পরীক্ষার ফল বের হয়ে। সে খুব ভাল ফল করেছিল। পদার্থবিজ্ঞানে ৩০০ নম্বরের মধ্যে সে ২৯৭ পেয়েছে। সে সারাদেশে সর্বোচ্চ নম্বর পেয়েছিল। রসায়নে ২৯৭ এবং অংকে ২৫৮ নম্বর পেয়েছিল।

এছাড়া ‘ও’ লেভেল পরীক্ষায়ও সে পদার্থ বিজ্ঞান ও রসায়ন পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছিল।

নিহত এই কিশোরের সহপাঠী আরমান নূর জানায়, সে খুবই মেধাবী ও শান্ত প্রকৃতির ছিল। সে ক্লাসের ফার্স্টবয় ছিল এবং শুধু পড়ালেখা নিয়ে থাকতো। কোন ধরনের ঝামেলায় যেতো না।

আরমান এই হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

ক্ষুব্ধ ওয়াহিদ রেজা আরো বলেন, “আমাদের এত সুন্দর একটা ছেলেকে এভাবে নৃশংসভাবে খুন করে লাশ নদীতে ভাসিয়ে দেবে এটা কোনোভাবেই মেনে নেয়া যায় যায় না। আমরা ত্বকি হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

বাবা রফিউর রাব্বি জানান, ত্বকি বাবা, মাসহ পরিবারের সবার প্রতি যত্মশীল ছিল। তার অনেক স্বপ্ন ছিল। সে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতো।