২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সর্বাত্মক হরতাল

জেলা গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির  ছেলে তানভীর মোহাম্মদ ত্বকির খুনিদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জে সর্বাত্মক হরতাল পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 03:26 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের শনিবার ডাকা এই সকাল-সন্ধ্যা হরতালে সমর্থন দেয় সিপিবি, বাসদসহ বামপন্থী দলগুলো।

“ত্বকির খুনিদের গ্রেপ্তারের দাবিতে সাংস্কৃতিক জোটের ডাকা হরতাল মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে,” সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম।

হরতালে শহরে সব ধরনের দোকানপাট ও যান চলাচল বন্ধ ছিল, শহরে রিকশা চলাচলও ছিল না বললেই চলে।

সাম্প্রতিক অন্য হরতালগুলোতে ট্রেন চললেও এদিন রেললাইন অবরোধের কারণে ঢাকার সঙ্গে রেল যোগাযোগও বন্ধ ছিল।

তবে এসএসসি পরীক্ষা এই হরতালের আওতামুক্ত ছিল বলে পরীক্ষা সুষ্ঠুভাবেই হয়েছে।

ভোর থেকেই হরতালের সমর্থনে সাংস্কৃতিক জোট এবং বামপন্থী দলগুলোর কর্মীরা শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করে।

পুলিশ জানায়, পিকেটাররা শহরের ১০/১২টি স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে, ভাংচুর করে দুটি গাড়িও।

সকালে শহরে কয়েক দফা বিক্ষোভ মিছিলের পর সকাল পৌনে ৭টার দিকে সাংস্কৃতিক জোটের কর্মীরা শহরের চাষাঢ়া স্টেশনে গিয়ে রেললাইন অবরোধ করে। ফলে আটকে যায় ট্রেন চলাচলও।

চাষাঢ়া গোল চত্বর, দুই নম্বর রেলগেইট ও শহরের মণ্ডলপাড়া এলাকায় মাইক দিয়ে সমাবেশ করে হরতাল সমর্থনকারী দলগুলো।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মনি সুপান্ত বলেন, “আমরা আমাদের সন্তানদের সব সময় বলি ভালোভাবে চল, মানুষের মত মানুষ হও। মানুষের উপকার কর। অন্যায়ে বিরুদ্ধে রুখে দাঁড়াও।

“আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই বলে আমাদের সন্তানকে খুন হতে হয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক আমরা তা চাই না।”

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়কের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Image
গণজাগরণ মঞ্চের উদ্যোক্তার ছেলেকে খুনের প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে হরতালকারীদের বিক্ষোভ।

গণজাগরণ মঞ্চের উদ্যোক্তার ছেলেকে খুনের প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে হরতালকারীদের বিক্ষোভ।

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম ব্যক্তি রফিউর রাব্বির ছেলে তানভির মোহাম্মদ ত্বকির লাশ শুক্রবার পাওয়ার পর এই হরতাল ডাকা হয়।

হরতাল শেষে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে রোববার প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দেয়া হয়।

খেলাঘরের জেলা সভাপতি রথীন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ নেতা মাহবুবুর রহমান ইসমাইল, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা উদীচী সভাপতি জাহিদুল হক ভূঁইয়া দীপু, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শঙ্কর রায় প্রমুখ।

রোববার শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবু।

এদিকে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ ত্বকি হত্যার প্রতিবাদে সমাবেশ করে। বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমানের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বিকেএমইএ সাবেক সভাপতি মঞ্জুরুল হক, সহ-সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

নিখোঁজ হওয়ার দুদিন পর শুক্রবার সকাল পৌঁনে ১১টার দিকে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীসংলগ্ন খাল থেকে ত্বকির লাশ উদ্ধার করে পুলিশ।

ত্বকির ডান চোখে ও গলায় আঘাতের চিহ্ন ছিল। সে শহরের চাষাঢ়া এবিবি ইন্টারন্যাশনাল স্কুলের এ লেভেলের পরীক্ষার্থী ছিল।

এই ঘটনায় শুক্রবার রাতে রফিউর রাব্বি বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

পুরনো খবর:

তানভীর হত্যা: শনিবার নারায়ণগঞ্জে হরতাল